আজকাল ওয়েবডেস্ক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ভারত ৬টি পদক জিতল। ভারতের ৪x৪০০ মিটার মিক্সড রিলে দল সোনা জিতেছে। ডেকাথলন বিভাগে ভারতের তেজস্বিন শঙ্কর রুপো পান। মেডেল তালিকায় ভারত এখন তৃতীয় স্থানে রয়েছে। ভারতের আগে রয়েছে চিন ও জাপান। 

ভারতের ৪x৪০০ মিটার মিক্সড রিলের দল সময় করে ৩:১৮.২০ সেকেন্ড। সন্তোষ কুমার তামিলারসন, রুপাল চৌধুরী, বিশাল থেনারাসু এবং শুভা ভেঙ্কটেশন শুরু থেকেই প্রাধান্য রাখেন এবং রিলে জিতে নেন। 

ভারতের এই চার অ্যাথলিট পিছনে ফেলে দেন চিন ও শ্রীলঙ্কাকে। গুলবীর সিং প্রথম সোনা এনে দিয়েছিলেন ১০ হাজার মিটার রেসে। এটা ভারতের দ্বিতীয় সোনা প্রতিযোগিতায়। 

এদিকে ভারতের প্রবীণ চিত্রাভেল রুপো জেতেন পুরুষদের ট্রিপল জাম্প ইভেন্টে। চিনের প্রতিযোগীর কাছে হার মানেন তিনি। ডেকাথলন বিভাগে রুপো পান তেজস্বিন শঙ্কর। ২০২৩ সালের সংস্করণে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। এবার তাঁর পদকের রং বদলাল। 

দিনে দ্বিতীয় পদকটি পেলেন রূপাল চৌধুরী। আগে মিক্সড রিলে রেসে সোনা জিতেছিলেন। মহিলাদের ৪০০ মিটার ইভেন্টে তিনি রুপো পান। মহিলাদের ১৫০০ মিটার ইভেন্টে পুজা রুপো পান। পুরুষদের ১৫০০ মিটার ইভেন্টে ইউনুস শাহ ব্রোঞ্জ পান।