আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের সতীর্থ কুলদীপ যাদবের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দেরাদুনে পৌঁছলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। বন্ধুর বিয়ে নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় চাহাল জানান, কুলদীপের জীবনের এই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকতে পেরে তিনি খুবই আনন্দিত। বন্ধুর বিয়ে উপলক্ষে জমিয়ে উদ্যাপন করারও ইঙ্গিত দেন তিনি।
হাসিমুখে চাহাল বলেন, ‘আমার ভাইয়ের বিয়ে নিয়ে আমি খুবই উত্তেজিত। অনেক পরিকল্পনা রয়েছে, নাচব এবং দারুণভাবে উপভোগ করব।’ শনিবার ছোটবেলার বান্ধবী বংশিকার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব।
বিয়ের জোর প্রস্তুতি চলছে উত্তরাখণ্ডের মুসৌরিতে। জানা গিয়েছে, কুলদীপের বিয়েতে ভারতীয় দলের সব তারকারাই উপস্থিত থাকতে পারেন। যেহেতু, আইপিএলের প্রস্তুতি চলছে সে কারণে সকলেই বর্তমানে ভারতে।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, জসপ্রীত বুমরারাও। খবর অনুযায়ী, মুসৌরির ঐতিহ্যবাহী স্যাভয় হোটেলকে সাজিয়ে তোলা হচ্ছে এই বিশেষ অনুষ্ঠানের জন্য।
কুলদীপের বিয়ে উপলক্ষে পুরো হোটেলটি বুক করে নেওয়া হয়েছে এবং দু’ থেকে তিনদিন অন্য অতিথিদের জন্য তা বন্ধ থাকবে। হোটেল সূত্রে জানা গিয়েছে, স্যাভয় হোটেলের প্রায় ৮০টি ঘর বুক রাখা হয়েছে।
পাশাপাশি ভিআইপি অতিথি, পরিবারের সদস্য এবং নিরাপত্তাকর্মীদের থাকার জন্য কাছাকাছি বিলাসবহুল হোটেলগুলিতেও থাকার ব্যবস্থা করা হয়েছে। কুলদীপ ও বংশিকার সম্পর্ক বহুদিনের।
দু’জনেই কানপুরের বাসিন্দা এবং ছোটবেলার বন্ধু। তাঁদের বাড়ি একে অপরের থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। কুলদীপের বাড়ি লাল বাংলো এলাকায়, আর বংশিকার বাড়ি শ্যামনগরে।
বংশিকা বর্তমানে এলআইসি-তে কর্মরত। একজন প্রশাসনিক পেশাজীবী। পাশাপাশি তিনি মেলবোর্নে উচ্চশিক্ষাও সম্পন্ন করেছেন।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে কুলদীপের ক্রিকেট কেরিয়ার শুরু হওয়ার সময় থেকেই বংশিকা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছেন। গত ৪ জুন লখনউয়ে তাঁদের বাগদান সম্পন্ন হয়।
