আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলে শোকের ছায়া। মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রবিন্দর সিং। আই লিগে নামধারী এফসির হয়ে খেলতেন তরুণ ডিফেন্ডার। সপ্তাহের শুরুতে পাঞ্জাবে একটি স্থানীয় লিগের ম্যাচ খেলতে খেলতে মৃত্যু হয় তাঁর। স্থানীয় টুর্নামেন্টে খেলার সময় আচমকা বুকের যন্ত্রণা নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রবিন্দর। বুধবার মৃত্যু হয় তাঁর। পাঞ্জাবের মাজরি গ্রামের বাসিন্দা এই তরুণ ফুটবলার। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রয়াত ফুটবলারের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু এবং সতীর্থরা শেষকৃত্যে যোগ দেয়। নামধারী এফসি এবং আই লিগ নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শোকবার্তা জানায়।
নামধারী এফসি জানায়, 'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, অল্প বয়সে আমাদের একজন ফুটবলার প্রয়াত হয়েছে। ওর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল মহল। এত অল্প বয়সে ওর চলে যাওয়া ফুটবল পরিবারের জন্য বড় ক্ষতি। ওর আত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময়ে ঈশ্বর ওর পরিবার এবং কাছের মানুষদের শক্তি দিক।' নামধারীর হয়ে কলকাতায় খেলে গিয়েছেন রবিন্দর। সুঠাম চেহারা। বড় চুল। নামধারীর রক্ষণের স্তম্ভ ছিলেন। আটকান বহু তাবড় তাবড় স্ট্রাইকারদের। তাঁর অকাল প্রয়াণ মানতে পারছেন না সতীর্থরা। শোকস্তব্ধ ফুটবল মহল। ফুটবল মাঠে রবিন্দরের মৃত্যু আবার মনে করিয়ে দিল দু'দশক আগে জুনিয়রের ঘটনা। সেদিন সুব্রত পালের সঙ্গে সংঘর্ষে বুকে আঘাত পান ব্রাজিলীয় স্ট্রাইকার। মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে আর জীবনে ফেরানো যায়নি। রবিন্দরের ক্ষেত্রে অবশ্য কোনও চোট-আঘাতের ঘটনা ঘটেনি। খেলতে খেলতে আচমকা মাঠেই লুটিয়ে পড়েন।
