আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরু হতে ঠিক দু'সপ্তাহ বাকি। তার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কোটিপতি লিগ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা। পুরো টুর্নামেন্টেই পাওয়া যাবে না তারকা পেসারকে। টি-২০ বিশ্বকাপের আগে একটি ওয়ার্ম আপ ম্যাচে হাঁটুতে চোট পান। সেই থেকে মাঠের বাইরে। ৯ ফেব্রুয়ারি মুম্বইয়ে অস্ত্রোপচার হয় ২৪ বছরের পেসারের। কিন্তু সময়ের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারবেন না। একটি সূত্র জানান, 'দুর্ভাগ্যবশত হর্ষিত রানা আইপিএলে খেলতে পারবে না। যার ফলে দলের বাকি বোলার বৈভব অরোরা, উমরান মালিক, কার্তিক এবং আকাশ দীপরা সুযোগ পাবে। আশা করছি ওরা সুযোগের সদ্ব্যবহার করতে পারবে। রানার কোনও বদলি এখনও ঘোষণা করা হয়নি।'
এখনও হর্ষিতের পরিবর্ত ঠিক করেনি কেকেআর। শুক্রবার মুস্তাফিজুর রহমনের বদলির নাম ঘোষণা করা হয়। নাইটদের দলে নাম লেখান ব্লেসিং মুজারাবানি।
টি-২০ বিশ্বকাপের দলে ডাক পেয়েছিলেন রানা। ছন্দে থাকা মহম্মদ সিরাজের বদলে তিনি সুযোগ পাওয়ায় প্রশ্ন উঠেছিল। গৌতম গম্ভীরের দিকে পক্ষপাতিত্বের আঙুল ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ খেলা হয়নি রানার। তার আগেই ওয়ার্ম আপ ম্যাচে চোট পান। যার ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে যান। আইপিএলের শুরুতে কয়েকটা ম্যাচ মিস করার কথা ছিল হর্ষিতের। কিন্তু পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। যা নাইট শিবিরের জন্য খুবই খারাপ খবর। আইপিএলে বেগুনি জার্সিতে নজর কাড়েন রানা। গত দু'বছর ধরে কেকেআরের সবচেয়ে ধারাবাহিক পেসার। শেষবার কলকাতার আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। নেন ১৯ উইকেট। এরপরই ভারতের জার্সিতে অভিষেক হয়। বিভিন্ন ফরম্যাটে খেলার সুযোগ পান। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন। ২০২৫ মরশুমের আগে ৪ কোটি টাকায় রানাকে রাখে কেকেআর। গতবছর ১৩ ম্যাচে ১৫ উইকেট নেন। রানার ছিটকে যাওয়া নাইটদের বড় ক্ষতি। মাথিশা পথিরানার খেলার বিষয়টিও এখনও নিশ্চিত নয়। টি-২০ বিশ্বকাপে চোট পান শ্রীলঙ্কার বোলার। বর্তমানে রিকভারি প্রক্রিয়া চলছে। ২৯ মার্চ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু নাইটদের। ২ এপ্রিল ইডেনে কেকেআরের প্রথম হোম ম্যাচ। এরপর ৬ এবং ৯ ঘরের মাঠে খেলা। এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি কেকেআর।
