আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর থেকে পিচ নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেটকে ভিলেন বানিয়েছে। এই নিয়ে এখনও তর্ক চলছে। শুক্রবার আহমেদাবাদের পিচকে রেটিং দিল আইসিসি। সেই রিপোর্টে ফাইনালের পিচকে "গড়পড়তা" মানের বলা হয়েছে। আইসিসি ম্যাচ রেফারি এবং জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি পাইক্রফট আউটফিল্ডকে "খুব ভাল" অ্যাখ্যা দেন। মন্থর উইকেটে ভারতকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান প্যাট কামিন্স। ৫০ ওভারে মাত্র ২৪০ রান তোলে টিম ইন্ডিয়া। ৪৩ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। ১২০ বলে ১৩৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ট্রাভিস হেড। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের গ্রুপ লিগের ম্যাচের পিচগুলোকেও "গড়পড়তা" মানের বলা হয়েছে। এই ম্যাচগুলো যথাক্রমে কলকাতা, লখনউ, আহমেদাবাদ এবং চেন্নাইয়ে হয়। সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ "ভাল" রেটিং পেয়েছে। ইডেনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনালের পিচকেও "গড়পড়তা" মানের বলা হয়েছে। তবে ইডেনের আউটফিল্ডকে "খুব ভাল" রেটিং দেন আইসিসি ম্যাচ রেফারি এবং প্রাক্তন ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ।
World Cup Final: আহমেদাবাদের উইকেট নিয়ে চর্চা অব্যাহত, বিশ্বকাপ ফাইনালের পিচকে কী রেটিং দিল আইসিসি?
















