আজকাল ওয়েবডেস্ক: ফিলাডেলফিয়া ইউনিয়ন বনাম ইন্টার মায়ামি ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। এমএলএস ম্যাচের ৭৩ মিনিটে তাঁকে মাঠ ছাড়তে দেখা যায়, যা মুহূর্তেই সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করে।
তবে ইন্টার মায়ামি পরে জানায়, প্রাথমিক মেডিক্যাল পরীক্ষায় মেসির বাঁ হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপ ও ক্লান্তিজনিত সমস্যা ধরা পড়েছে। ক্লাবের তরফে বিবৃতিতে বলা হয়, তাঁর মাঠে ফেরার বিষয়টি নির্ভর করবে শারীরিক অবস্থার উন্নতির ওপর।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে, মেসির চোট গুরুতর নয় এবং এটি মূলত ক্লান্তিজনিত। আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফরা আশা করছেন, তিনি আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে দলের অনুশীলনে যোগ দিতে পারবেন।
ম্যাচের সময় ৭০ মিনিট নাগাদ ফ্রি কিক নেওয়ার পর মেসিকে বাঁ পায়ের থাইয়ের উপরের অংশে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায়। এরপর তিনি নিজেই উঠে যাওয়ার অনুরোধ করেন এবং তাঁর পরিবর্তে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। তবে মাঠ ছাড়ার সময় বা ড্রেসিংরুমে যাওয়ার পথে তাঁর বাড়তি কোনও সাহায্যের দরকার পড়েনি।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ''মেডিক্যাল পরীক্ষার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপ ও ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। তাঁর মাঠে ফেরার সময় নির্ভর করবে শারীরিক ও ক্লিনিক্যাল অবস্থার উন্নতির উপর।''
মেসি মাঠ ছাড়ার সময় ম্যাচটি ৪–৪ সমতায় ছিল। তবে তাঁর বিদায়ের পর ইন্টার মায়ামি আরও দুই গোল করে ৬–৪ ব্যবধানে জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে দলটি এমএলএস ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থেকে বিরতিতে গিয়েছে।
ম্যাচ শেষে কোচ গিলের্মো হয়োস বলেন, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে এটি ক্লান্তিজনিত বলেই মনে হচ্ছে এবং খুব দ্রুত মেডিক্যাল রিপোর্ট পাওয়া যাবে। মাঠের পরিস্থিতি ও শারীরিক চাপের কারণে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
আর্জেন্টিনা জাতীয় দল এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি। তবে ধারণা করা হচ্ছে, চোট গুরুতর না হলে আসন্ন বিশ্বকাপে মেসির খেলা প্রায় নিশ্চিত। আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিরুদ্ধে।















