আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ওপেনার ফিল সল্ট এখন ফিট হলেও, তিনি আদৌ আইপিএলের কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
মঙ্গলবার ধর্মশালায় গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই তথ্য জানান আরসিবি অধিনায়ক রজত পাতিদার।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে পাতিদার বলেন, ''সল্ট ফিট আছে, তবে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা এখনও প্রথম একাদশ ঠিক করিনি। উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।''
আঙুলের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সল্ট। সেই চোটের জন্য তিনি লিগ পর্বে সাতটি ম্যাচ খেলতে পারেননি। গত সপ্তাহে তিনি আবার আরসিবি শিবিরে যোগ দেন। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে তাঁকে খেলানো হয়নি।
সল্টের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি চোটগ্রস্ত জ্যাকব বেথেলের পরিবর্তে দলে আসেন। বেথেল ইতিমধ্যেই জাতীয় দলের দায়িত্বে যোগ দিতে দেশে ফিরে গিয়েছেন।
এখন আরসিবি কাদের খেলাবে? দেখা দিয়েছে নির্বাচন সমস্যা। পাতিদারের পরিবর্ত হিসেবে নেমে ভেঙ্কটেশ আইয়ার ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।
তার আগের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৯ বলে ৪৪ রান করেন। ফলে বর্তমান কম্বিনেশন বজায় রাখলে সল্টকে বেঞ্চেই বসতে হতে পারে।
অন্যদিকে, সল্টকে খেলাতে গেলে দলকে রোমারিও শেফার্ড বা ভেঙ্কটেশ আইয়ারের মধ্যে কাউকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে, বীরেন্দ্র শেহওয়াগ একটি ভিন্ন কৌশলের পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, ফর্মহীন জীতেশ শর্মাকে বাদ দিয়ে সল্টকে উইকেটকিপারের দায়িত্ব দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে একই সঙ্গে সল্ট এবং আইয়ার, দু'জনকেই প্রথম একাদশে রাখা সম্ভব হবে। তবে সল্ট শারীরিকভাবে উইকেটকিপিং করার মতো পুরোপুরি প্রস্তুত কি না, তা এখনও স্পষ্ট নয়।
চোট পাওয়ার আগে দুর্দান্ত ছন্দে ছিলেন সল্ট। তিনি ছ'ম্যাচে দুটি অর্ধশতরান-সহ মোট ২০২ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬৮.৩৩।















