আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে পাঞ্জাব কিংস প্লে অফে পৌঁছতে পারেনি। গত রবিবার মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের  ম্যাচ ছিল। একই দিনে সন্ধেয় খেলা ছিল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের। কলকাতা নাইট রাইডার্স ম্যাচে নামার আগেই জানতে পেরে যায় তাদের পক্ষে প্লে অফে আর পৌঁছনো সম্ভব নয়। রাজস্থান রয়্যালস জিতে যাওয়ায় প্লে অফে পৌঁছে  যায় বৈভব সূর্যবংশীর দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাঞ্জাব ও কলকাতা। 
এদিকে মাঠের পারফরম্যান্স এবং বিতর্ক নিয়ে শিরোনামে উঠে এসেছে শ্রেয়স আইয়ারের পরিবার। 

এদিকে কেকেআর ও পাঞ্জাব ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় কলকাতা এক পয়েন্ট পায়।  সেই ঘটনার পর শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা  একটি মজার ভিডিও পোস্ট করেন। পাঞ্জাব কিংস জার্সি পরে তিনি বলেন, ''আমরা পাঞ্জাবীরা বড় হৃদয়ের, তাই এক পয়েন্ট দিয়ে দিলাম।''

এই ভিডিও প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ট্রোলিং। পরিস্থিতি অন্যদিকে মোড়ি নেয়। তা এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত শ্রেষ্ঠা ভিডিওটি মুছে ফেলতে বাধ্য হন।

এদিকে পাঞ্জাব কিংসের আইপিএল অভিযান শেষ হওয়ার পর দু'পর্বের ভিডিও বার্তায় ট্রোলিং নিয়ে মুখ খোলেন শ্রেষ্ঠা। তিনি জানান, ভিডিওটি ছিল শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ রসিকতা। কারও বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্য ছিল না। কিন্তু এরপরেও তাঁকে ও তাঁর পরিবারকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য, এমনকি কর্মস্থলে ফোন করে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, টানা ছ'ম্যাচে হারের পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়ায় পাঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স অপরাজিত ১০১ রানের দাপুটে ইনিংস খেলে লখনউ সুপার জায়ান্টসকে হারালেও, সেই জয় যথেষ্ট ছিল না। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস পঞ্চম স্থানে থেকে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়।