আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। বিরাট কোহলি এবং শুভমন গিলদের মধ্যে যারা জিতবে, তাঁরাই সরাসরি ফাইনালে। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুই দলই প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করেছে। তবে রানরেটে এগিয়ে থাকায় একনম্বরে আরসিবি। খেলার আগে অশনি সঙ্কেত। মঙ্গলবারের ম্যাচে থাবা বসাতে পারে বৃষ্টি। ধর্মশালার টসের আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অ্যাকু ওয়েদার অনুযায়ী, ১৪ থেকে ২৫ শতাংশ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা আছে।
বৃষ্টির জন্য যদি খেলা ভেস্তে যায়, সেক্ষেত্রে বেঙ্গালুরু ফাইনালে চলে যাবে। রানরেটে গুজরাট টাইট্যান্সের আগে কোহলিরা। প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে কোনও রিজার্ভ ডে নেই। যার ফলে গ্রুপ পর্বে লিগ টেবিলে যে দল এগিয়ে থাকবে, তাঁরাই ফাইনালে যাবে। বৃষ্টির জন্য খেলা শুরু করা সম্ভব না হলে, আম্পায়াররা একটি সুপার ওভার করতে পারে। যার থেকে জয়ী দল নির্ধারিত হবে। লিগ পর্বে পাঁচটি ম্যাচ হেরেছে বেঙ্গালুরু। তারমধ্যে একটি গুজরাটের বিরুদ্ধে। গিলদের বোলিং বিভাগ সমস্যায় ফেলে বেঙ্গালুরুকে। কিন্তু পরের ম্যাচে প্রতিশোধ নেয় আরসিবি। দুই দলই দ্বিতীয় খেতাবের লক্ষ্যে খাঁপাবে। পরপর চ্যাম্পিয়ন হওয়া টার্গেট বেঙ্গালুরুর। ২০২২ এর পর লিগের লক্ষ্যে গুজরাটের।
প্রথম কোয়ালিফায়ারের আগে বিরাট কোহলি এবং শুভমন গিলের মধ্যে একটি হালকা মুহূর্ত ভাইরাল হয়। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। ধর্মশালায় বেঙ্গালুরু-গুজরাট ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার মেগা ম্যাচ। এইচপিসিএ স্টেডিয়ামে প্রাক ম্যাচ অনুশীলনে মুখোমুখি হয় দুই তারকা। ভাইরাল ক্লিপে একে অপরকে দেখে হাসিমুখে কথা বলেন। হাত মেলানোর পর আলিঙ্গন করেন। তবে এখানেই শেষ নয়। এরপরের একটি ঘটনা সমর্থকদের নজর কাড়ে। বিরাটকে গিলের গালে, থুরি দাড়িতে হাত বোলাতে দেখা যায়। দাড়ি নিয়ে খুনসুঁটি করেন। তাতে হেসে ফেলে আশেপাশে থাকা প্লেয়ার এবং সাপোর্ট স্টাফ। এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ফ্যানদের মন জয় করে। দুই তারকার মধ্যে এই মজাদার মুহূর্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখনও চর্চা চলছে।















