আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে এখন কিছুদিনের বিরতি। আইপিএলের প্রস্তুতিতে ক্রিকেটাররা নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছে। তবে ছুটি নেই গৌতম গম্ভীরের। জুনে ভারতীয় দলের ইংল্যান্ড সফর রয়েছে। তার আগে ভারতের এ দলের সঙ্গে সফরে যাবেন রোহিত, বিরাটদের হেড কোচ। একটি রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রথম হেড কোচ হিসেবে ভারতীয় এ দলের সঙ্গে বিদেশ সফরে যাবেন গম্ভীর। গত কয়েক বছর ধরে জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমির কোচদের ভারতীয় এ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যেতে দেখা গিয়েছে। জুনিয়রদের সঙ্গে একাধিকবার সফরে গিয়েছেন রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ। দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর, জুনিয়র দলের দায়িত্ব বর্তায় লক্ষ্মণের ওপর। কিন্তু এবার সেই ট্রেন্ড ভাঙতে চান গম্ভীর। নিজের ইচ্ছার কথা বোর্ডকে জানিয়েও দিয়েছেন।
টিম ইন্ডিয়ার হেড কোচ থাকাকালীন জুনিয়র দলের সঙ্গে বিদেশ সফরে যায়নি তাঁর পূর্বসূরিরা। এই রেকর্ড নেই রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড়ের। কিন্তু এবার সেই নজির গড়তে চলেছেন গম্ভীর। তবে শুধুমাত্র দর্শক হিসেবে দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন, না ভারতীয় এ দলের কোচ হিসেবে সেটা এখনও জানা যায়নি। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর লাল বলের ক্রিকেটে ভারতের উন্নতি চান গৌতি। সেই কারণেই ট্যালেন্ট পুল পরখ করে দেখতে চান। বোর্ডের এক সূত্র জানান, 'অস্ট্রেলিয়া থেকে ফেরার পর বোর্ডের সঙ্গে আলোচনা চলছে গম্ভীরের। ভারতের রিজার্ভ পুল দেখতে ভারতীয় এ দলের সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় ইচ্ছাপ্রকাশ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়েকজন ওয়াইল্ড কার্ড প্লেয়ার নেওয়ার জন্য জোর করেছিলেন গম্ভীর। ট্রফি জেতার পর ভবিষ্যতে ওর ভূমিকা আরও বাড়তে পারে।' গম্ভীর মনে করেন, ভারতীয় এ দলের সফর আরও বাড়াতে হবে। এখন যা হয়, সেটা যথাযত নয়। ভবিষ্যতে আরও সফর বাড়ানোর কথা জানান। দ্রাবিড় এনসিএ ছাড়ার পর ভারতের এ দলের সফর কমে গিয়েছে। সেই কারণেই দলের সঙ্গে গিয়ে পুরো পরিস্থিতি বুঝতে চান গম্ভীর।
















