আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছেন হরমনপ্রীত কৌররা। রবিবার বার্মিংহামে ভারতের মুখোমুখি পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন হরমনপ্রীত।

ভারতীয় দলে একটি বদল হয়েছে। ইয়াস্তিকার জায়গায় এদিন খেলছেন ভারতী ফুলমালি। অন্যদিকে, পাকিস্তান দলেও বদল রপেছেন অধিনায়ক ফাতিমা সানা। বিশ্বকাপ অভিষেক হচ্ছে সায়রা জাবিনের।

উল্লেখ্য, এদিন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই প্রতিবেশী দেশ মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন মনে করেন, ভারতের মহিলা ক্রিকেট দল সাম্প্রতিককালে প্রভূত উন্নতি করেছে।

আর তার পিছনে অবদান রয়েছে মহিলাদের আইপিএলের। তাঁর মতে, এই ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ এবং ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের খেতাব জয়, এই দুইয়ের মিলিত প্রভাবেই দলটি এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

পাকিস্তান সেই জায়গায় বহু পিছিয়ে। কারণ তাদের খেলোয়াড়রা বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নেওয়ার সুযোগ পান না। হুসেন বলেন, ''ভারত খুবই শক্তিশালী দল। ভারতের মহিলা  ক্রিকেট যেভাবে এগিয়েছে, বিশ্বকাপ জয় এবং ডব্লিুপিএলের মাধ্যমে, তার সঙ্গে পাকিস্তানের তুলনা করলে দেখা যাবে ভারত অন্তত এক বা দুই ধাপ এগিয়ে গিয়েছে।''

তবে ভারতের একটি দুর্বল দিক নিয়েও সতর্ক করেন নাসের হুসেন। বিশেষ করে বোলিং কম্বিনেশনের ক্ষেত্রে চাপের মুহূর্তে সমস্যা দেখা দিতে পারে বলে তাঁর ধারণা।

একই সঙ্গে পাকিস্তান দলকে তিনি স্পষ্ট বার্তা দেন, ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষ বা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে জিততে হলে ভয়ডরহীন ও আক্রমণাত্মক ক্রিকেট খেলতেই হবে।

হুসেন আরও বলেন, “ভারত বল হাতে যে কম্বিনেশন নিয়ে খেলছে, সেটাই সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। পাকিস্তানকে তাদের পারফরম্যান্সের সীমা ছাড়িয়ে খেলতে হবে। নির্ভীক ক্রিকেট না খেললে এই স্তরে জেতা সম্ভব নয়।'' সব মিলিয়ে হুসেনের মতে, এই ম্যাচে ভারত স্পষ্ট ফেভারিট হলেও পাকিস্তানের একমাত্র সুযোগ হল চাপ তৈরি করে সাহসী ক্রিকেট খেলা।