আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় ভরাডুবির পর খুব একটা ভাল জায়গায় নেই গৌতম গম্ভীর। ১-৩ এ বর্ডার-গাভাসকর সিরিজ হারে টিম ইন্ডিয়া। কিন্তু টি-২০ তে সাফল্য এখনও অটুট ভারতের হেড কোচের। সূর্যকুমার যাদবের সঙ্গে পার্টনারশিপ সফল গম্ভীরের। মার্কশিটে ছয়ে ছয়। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবেন দু'জনেই। সূর্যর সঙ্গে গম্ভীরের সম্পর্ক সেই কলকাতা নাইট রাইডার্সের সময় থেকে। তখন দু'জনেই নাইট দলের সদস্য। দল বদলেছে, ভূমিকা বদলেছে, কিন্তু সম্পর্ক এখনও একই। যার ফলে টিম ইন্ডিয়ার হেড কোচকে বুঝতে কিছুটা সুবিধা হয় সূর্যর। ইংল্যান্ড সিরিজ শুরুর আগে গম্ভীরকে দরাজ সার্টিফিকেট ভারতের টি-২০ অধিনায়কের। সূর্য বলেন, 'ওর সঙ্গে প্রচুর সময় কাটানোর সুযোগ হয়েছে আমার। ওর কাজের ধরন আমার জানা। একটা কথা না বলেও ও মানুষের মন পড়তে পারে। ওর কোচিং স্টাইল খুব সাধারণ। ও আমাদের প্রচুর স্বাধীনতা দেয়। প্লেয়ারদের নিজেদের প্রকাশ করার সুযোগ দেয়। ও সোজাসাপটা। প্লেয়ারদের মনের ভেতর কী চলছে সেটা বোঝার চেষ্টা করে।'
২০১২ এবং ২০১৪ সালে কেকেআরের অধিনায়ক হিসেবে আইপিএল জেতেন গম্ভীর। তারপর দশ বছর পর আবার তাঁর হাত ধরেই ট্রফি ঢোকে নাইটদের ঘরে। মূলত সেই দেখেই তাঁকে তড়িঘড়ি টিম ইন্ডিয়ার কোচ নিযুক্ত করা হয়। কিন্তু প্রথম ছয় মাসে উল্লেখযোগ্য সাফল্য নেই। বরং, ব্যর্থতায় ডুবে। বর্তমানে ভারতীয় ক্রিকেটে একাধিক বদল আনা হচ্ছে। শোনা যাচ্ছে, দশ দফা নির্দেশিকার পিছনে গম্ভীরের হাত রয়েছে। তাঁর কড়া মনোভাবের কথা সকলের জানা। কিন্তু ইংল্যান্ড সিরিজ শুরুর ২৪ ঘন্টা আগে কোচ গম্ভীরের ভূয়সী প্রশংসায় ভারতের টি-২০ অধিনায়ক। সূর্যকুমার বলেন, 'ড্রেসিংরুমে হালকা পরিবেশ রাখতে সাহায্য করে গম্ভীর। যা প্লেয়ারদের সেরাটা দিতে উদ্বুদ্ধ করে। আমরা সঠিক দিশাতেই এগোচ্ছি।' বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতা ভুলে নতুন লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।
















