আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য আন্তর্জাতিক গ্রিন পার্ক স্টেডিয়ামে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাপ্রস্তুতি নেওয়া হয়েছে পুলিশের তরফে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরের গ্রীন পার্কে শুরু হচ্ছে ভারত এবং বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। সোমবার, খিলেশ ভারতীয় হিন্দু মহাসভার ২০ সদস্যের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, সংস্থার সদস্যরা স্টেডিয়ামের সামনে প্রতিবাদ কর্মসূচি করছিলেন। পুলিশ জানিয়েছে, ভারত এবং বাংলাদেশের টেস্ট ম্যাচের জন্য একটি ফুল-প্রুফ নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে।

 

 

কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন ও শৃঙ্খলা) হরিশ চন্দ্র জানিয়েছেন যে, ম্যাচটির জন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মোতায়েনের জন্য অনুরোধ করা হয়েছে। তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থাগুলি পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয়তা মেটাতে যথেষ্ট পুলিশ বাহিনী পাওয়ার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। যোগাযোগ রাখা হচ্ছে ইনফরমেশন ব্যুরোর সঙ্গেও। গ্রিন পার্ক স্টেডিয়াম এবং হোটেল ল্যান্ডমার্ককে বিভিন্ন সেক্টর, জোন এবং সাব-জোনে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক জোনের দায়িত্ব পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের দেওয়া হয়েছে। বিধিনিষেধ জারি করা হয়েছে ট্রাফিকেও।