আজকাল ওয়েবডেস্ক: লিও মেসি খেলবেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও খেলবেন ২০২৬ বিশ্বকাপ। নেইমার কি ব্রাজিলের জার্সি পরে খেলতে নামবেন বিশ্বকাপে?ব্রাজিলীয় তারকার মাঠে নামা, না-নামা নির্ভর করছে অনেক যদিকিন্তুর উপরে। নেইমার কি পুরোদস্তুর ফিট হয়ে নামতে পারবেন বিশ্বকাপে?
সবটাই নির্ভর করছে নেইমারের ফিটনেসের উপরে। তারকা ফুটবলারকে সময় দিয়েছেন জাতীয় দলের কোচ।
সাংবাদিক বৈঠকে অ্যানচেলোত্তি বলেছেন, ''নেইমার তালিকায় রয়েছে। ও সুস্থ রয়েছে। তবে মাঠে পারফরম্যান্স দেখিয়ে নিজেকে প্রমাণ করতে হবে।''
নেইমারকে ছ' মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। বর্ষীয়ান ম্যানেজার বলেছেন, ''ব্রাজিলিয়ান লিগ শেষ হলে নেইমারের কয়েকদিন ছুটি থাকবে। এরপরে তাকে আবার প্রমাণ দিতে হবে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগে হাতে ছ'মাস সময় রয়েছে। মার্চ পর্যন্ত খেলোয়াড় বদলানোর সময় রয়েছে। শেষ পর্যন্ত যারা দলে থাকবে, তারা সবাই টুর্নামেন্টের জন্য প্রস্তুত থাকবে।''
সাম্প্রতিক কালে সম্পূর্ণ ভিন্ন কারণে নেইমার খবর হয়েছেন। তিনি গোল করেন না। তিনি স্কিল দেখান না মাঠে নেমে। বরং বিতর্ক তৈরি করে ব্রাজিলীয় তারকা শিরোনাম হন। তাঁর দিকে উড়ে আসে দর্শকদের কটাক্ষ। তিনি রেফারির কাছে গিয়ে বারংবার নালিশ জানান। বিরক্ত হয়ে রেফারি ব্রাজিলীয় তারকাকে কার্ড দেখিয়ে দেন। কোচও তাঁকে তুলে নেন। পুরো সময় মাঠে রাখার সাহাস দেখান না কোচ। হতাশ নেইমার জলের বোতলে লাথি মারেন।
নেইমারের দল স্যান্টোস রেলিগেশনের আওতায় ছিল। তবে পালমেইরাসকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে অবনমন এড়ায়।
এই জয়ের ফলে ৩৩ ম্যাচের শেষে স্যান্টোসের পয়েন্ট দাঁড়ায় ৩৬। ২০ দলের লিগে ১৬-তম স্থানে স্যান্টোস। ১৭-তম স্থানে থাকা ভিটোরিয়ার পয়েন্ট ৩৫ হওয়ায় ড্র করলেই রেলিগেশনে পড়ে যেত নেইমারের দল। কিন্তু ম্যাচ জেতার ফলে অবনমন এড়াল স্যান্টোস।
নেইমার পুরো সময় খেলেন। গোল করতে পারেননি। তাঁর নেওয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। অ্যাডেড টাইমে গোল করে স্যান্টোস ম্যাচ জিতে যায়।
