আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট ক্রমশ পিছনের দিকে হাঁটছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে নাটক করেছে পাকিস্তান। তার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করেন ফারহান-বাবর আজমরা।
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজও হারতে হয়েছে পাকিস্তানকে। আর তারপরই পাক জাতীয় দলকে নিয়ে তীব্র সমালোচনা শুরু করেন প্রাক্তন পাক ক্রিকেটাররা।
পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির এই পাকিস্তান দল ও নব্বইয়ের পাক দলের মধ্যে তুলনা করেন।
পাকিস্তানের টিভি চ্যানেলে মহম্মদ আমিরকে বলতে শোনা গিয়েছে, ''নব্বইয়ের দশকের পাকিস্তান টিম ও বর্তমান পাক দলের মধ্যে পার্থক্য রয়েছে। সেই সময়ে ভারত আমাদের ভয় পেত। এখন ওরা আমাদের সিরিয়াসলি নেয় না। এখন ওরা উইকেট নিয়েও উদযাপন করে না। এমনকী ম্যাচ জেতার পরেও আনন্দ করে না।''
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হতশ্রী ভাবে হার মেনেছে পাকিস্তান। তার পর থেকেই প্রাক্তন পাক ক্রিকেটাররা তোপ দাগছেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেছেন, সিনিয়র ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্সের জন্য দল থেকে বাদ দেওয়া উচিত। আফ্রিদি বলেন, ''আমি যদি সিদ্ধান্ত নিতাম, তাহলে শাহিন, বাবর ও শাদাবকে বাদ দিতাম।''
প্রাক্তন ক্রিকেটারদের নাগাড়ে সমালোচনার মুখে শাদাব খান পালটা দেন। তিনি মনে করিয়ে দেন প্রাক্তনদের, তাঁরা কখনও বিশ্বকাপে ভারতকে হারায়নি।
শাদাব বলেছেন, ''আমাদের প্রাক্তন ক্রিকেটারদের নিজস্ব মতামত রয়েছে। পাকিস্তানের হয়ে ওরা ভাল করেছে। কিন্তু দিনের শেষে ওরা কিন্তু ভারতকে কখনও বিশ্বকাপে হারায়নি। আমরাই একমাত্র ২০২১ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিলাম।''
