আজকাল ওয়েবডেস্ক: নিজের পরিচয় অপব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ভুয়ো ভিডিও ও ভুয়ো পরিচয় তৈরির অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর।

সাম্প্রতিক সময়ে তাঁর নাম, মুখ ও গলার স্বর ব্যবহার করে তৈরি ভুয়ো ও অনুমতি ছাড়া একাধিক ভিডিও ভাইরাল হওয়ায় এই কঠিন পদক্ষেপ নিয়েছেন তিনি। দিল্লি হাইকোর্টে দায়ের করা দেওয়ানি মামলায় তিনি ব্যক্তিত্বগত অধিকার রক্ষার পাশাপাশি ২.৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন এবং এই ধরনের যাবতীয় ছবি বা ভিডিও অবিলম্বে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরানোর আর্জি জানিয়েছেন।

মামলায় বিভিন্ন মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মুখ বদল, কণ্ঠস্বর নকল এবং তাঁর পরিচয়ের বাণিজ্যিক অপব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে। গম্ভীর বলেন, ‘আমার পরিচয়, আমার নাম, আমার মুখ, আমার কণ্ঠস্বর, অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি ভুয়ো তথ্য ছড়ানো এবং নিজেদের লাভের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘এটা ব্যক্তিগত আঘাতের বিষয় নয়। এটা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রতিটা ব্যক্তির সুরক্ষার প্রশ্ন।’ সম্প্রতি গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়া ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের শিরোপা ধরে রেখেছে।

এমনকী, গম্ভীরের কোচিংয়েই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপেও জয় পেয়েছে ভারত। তবে এই সাফল্যের মধ্যেও গম্ভীরকে প্রায়ই অনলাইনে বিদ্রূপ ও ডিপফেকের শিকার হতে হয়েছে।

এমনকী, এআই ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করেও ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর আইনজীবীর দাবি, ২০২৫ সালের শেষ দিক থেকে ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউব এবং ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এই ধরনের ভিডিওর পরিমাণ দ্রুত বেড়েছে।

মামলায় একাধিক ভুয়ো ভিডিওর উদাহরণ তুলে ধরা হয়েছে। একটি ভুয়ো ভিডিওতে গম্ভীরের পদত্যাগের ঘোষণা দেখানো হয়, যা ২৯ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। অন্য একটি ভিডিওতে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে তাঁর মন্তব্য বিকৃতভাবে তুলে ধরা হয়, যা ১৭ লক্ষের বেশি ভিউ হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই মামলায় অভিযোগ দায়ের হয়েছে ১৬ জনের বিরুদ্ধে। গম্ভীর স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছেন, যাতে তাঁর পরিচয় কৃত্রিম বুদ্ধিমত্তা, ভুয়ো ভিডিও, ডিপফেক বা মুখ বদলের মাধ্যমে আর ব্যবহার করা না যায়।

এছাড়াও, মামলার শুনানি না হওয়া পর্যন্ত এই ধরনের সব বিষয়বস্তু অবিলম্বে সরানো এবং নতুন করে ছড়ানো বন্ধ করার জন্য জরুরি আবেদনও করা হয়েছে।