আজকাল ওয়েবডেস্ক: বরাবরই সঞ্জু স্যামসনের প্রসংশক কংগ্রেস এমপি শশী থারুর। সম্প্রতি টি-২০ বিশ্বকাপের সিরিজ সেরা হন কেরলের উইকেটকিপার ব্যাটার। তৃতীয়বার সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ জেতে ভারত। সঞ্জুর উত্থান নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা। ফ্ল্যাশব্যাকে চলে যান। তরুণ স্যামসনকে তিনি বলেছিলেন, সঞ্জু পরবর্তী ধোনি হতে পারে। থারুর বলেন, 'আমি খুবই গর্বিত। ওর যখন ১৪ বছর বয়স তখন আমার সঙ্গে প্রথম দেখা। সেই সময় ও তরুণ ক্লাব ক্রিকেটার, মুখে চওড়া হাসি, প্রচুর প্রতিভা। উইকেট কিপিংয়ের সঙ্গে ব্যাটিংয়ের হাত ভাল। আমি ওকে বলেছিলাম, তুমি পরবর্তী ধোনি হবে।'
পরবর্তীতে গম্ভীর কংগ্রেসের নেতাকে বলেন, সঞ্জুর কাউকে নকল করার প্রয়োজন নেই। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার ক্ষমতা রাখেন। এমনকী ভারতের হেড কোচ হওয়ার আগেই সঞ্জু সম্বন্ধে এমন মন্তব্য করেন গম্ভীর। ২০২০ সালে দরাজ সার্টিফিকেট দেন ভারতের কোচ। গম্ভীর বলেন, 'শুধু ভারতের সেরা উইকেটকিপার ব্যাটার নয়, ভারতের সেরা তরুণ ব্যাটার। কয়েকবছর পর গম্ভীর আবার আমাকে বলে, ওর পরবর্তী ধোনি হওয়ার দরকার নেই। ও একমাত্র সঞ্জু স্যামসন। ও সেটাই করেছে।'
উইকেটকিপার ব্যাটারদের মধ্যে বেঞ্চমার্ক ধোনি। বিগ হিটিং টপ অর্ডার ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে আবির্ভাব হয় তাঁর। তারপর অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটারের পাশাপাশি ফিনিশার তকমা অর্জন করেন। তিনটে আইসিসি ট্রফিই জেতেন। এদিকে টি-২০ বিশ্বকাপের আগে ধারাবাহিকতার অভাব ছিল সঞ্জুর। বিশ্বকাপের শুরুতে প্রথম একাদশে ছিলেন না। সুপার এইটে জিম্বাবোয়ে ম্যাচ থেকে দলে ফেরেন। বাকিটা ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান করেন। থারুর বলেন, 'বিশ্বকাপে দারুণ সাফল্য পেয়েছে। শান্ত এবং প্রতিভাবান। কার্যকরী নেতা। রাজস্থান রয়্যালসকে দীর্ঘদিন নেতৃত্ব দেন। ভারতের টপ অর্ডারে স্থায়িত্ব আনে। ওর খারাপ সময়েও আমার মনে হয়েছিল, ও নিজেকে সংগঠিত রাখতে পারলে, জ্বলে উঠবেই।' বিশ্বকাপের তিন ম্যাচেই শতরানের দোরগোড়ায় আউট হন। বড় শট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন। সঞ্জুর আত্মত্যাগের প্রশংসা করেন কংগ্রেস নেতা।
