আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ২০২৬-এর শুরুতে জশ হ্যাজলউডকে পাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

২০২৫ সালে আরসিবি-কে আইপিএল খেতাব জেতানোর পিছনে অবদান ছিল হ্যাজলউডের। 

১২টি ম্যাচে ২২টি উইকেট নেন তিনি। যা খবর ভেসে আসছে হ্যাজলউডকে নিয়ে তা হল, ২৮ মার্চের আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও তাঁকে পাওয়া যাবে না। 

হ্যাজলউডের অস্ট্রেলিয়ান সতীর্থ প্যাট কামিন্সও বেশ কয়েকটি ম্যাচ খেলবেন না। 

হ্যাজলউড ও কামিন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে নামেননি চোটের জন্য। তাঁদের অভাব অনুভূত হয়েছে। অস্ট্রেলিয়াও তাঁদের অনুপস্থিতিতে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে। কামিন্স কেবলমাত্র অ্যাশেজের একটি ম্যাচ খেলেন। হ্যাজলউড কোনওটাতেই খেলেননি। 

কামিন্সকে বেশ কয়েকটি ম্যাচে না পাওয়া যাওয়ায় সানরাইজার্স হাসদরাবাদকে নেতৃত্ব দেবেন ঈশান কিষান। তাঁকে সাহায্য করবেন অভিষেক শর্মা।

দুই ভারতীয় ক্রিকেটার সদ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। ঈশান কিষান ঝড়ের বেগে রান করেছেন বিশ্বকাপে। অন্যদিকে অভিষেক শর্মা বিশ্বকাপের ম্যাচগুলোয় সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও ফাইনালে দ্রুততম পঞ্চাশ করেন। সেই ঈশান কিষান ও অভিষেক শর্মা এবার সানরাইজার্সের গুরুদায়িত্বে রয়েছেন।