আজকাল ওয়েবডেস্ক: মাত্র পাঁচ বলেও ম্যাচ জেতা যায়! শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে কানাডা ও আর্জেন্টিনার অনূর্ধ্ব ১৯ ম্যাচে।
ক্রিকেট মাঝে মাঝে একতরফা হয়। এমন উদাহরণ প্রচুর রয়েছে। কিন্তু মাত্র পাঁচ বলে জয় হাসিল করে নেওয়ার ঘটনা স্মরণকালের মধ্যে ঘটেছে কিনা জানা নেই।
অনূর্ধ্ব ১৯ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আমেরিকা পর্বের যোগ্যতা অর্জনকারী ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা ও আর্জেন্টিনা। ফুটবলে পারদর্শী আর্জেন্টিনা। লিও মেসির নেতৃত্বে নীল-সাদা জার্সিধারীরা কাতার বিশ্বকাপ জিতেছে। ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন তারা।
আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে রোহিত ও বিরাটকে? জেনে নিন ইংল্যান্ড সফরের আগে কী বলে গিয়েছিলেন গম্ভীর
কিন্তু ক্রিকেট মাঠে তারা নিতান্তই লিলিপুট। সেটাই দেখা গেল কানাডার বিরুদ্ধে। ৫০ ওভারের ম্যাচ কত দ্রুতই না শেষ হয়ে গেল! আর্জেন্টিনাকে ১০ উইকেটে হার মানাল কানাডা।
পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। ১৯.৪ ওভারে আর্জেন্টিনা শেষ হয়ে যায় ২৩ রানে। শুরু থেকেই উইকেট পড়ল আর্জেন্টিনার। কোনও সময়তেই সেই ধাক্কা সামলে উঠতে পারেনি তারা। দুই অঙ্কে পৌঁছতে পারেননি কোনও ব্যাটারই।
খাতা না খুলেই ফিরে যান সাত জন আর্জেন্টাইন ব্যাটসম্যান। শ্রীযুক্ত অতিরিক্তর নামের পাশে লেখা সাত রান। এই সাত রান দলের মধ্যে সর্বোচ্চ। আর্জেন্টিনার ওপেনিং ব্যাটার সোরোন্দোও সাত রান করেন ইনিংস ওপেন করতে নেমে।
ফাস্ট বোলার জগমনদীপ পাল কানাডার বোলিং আক্রমণকে নেতৃত্ব দেন। পাঁচ ওভারে মাত্র সাত রান খরচ করে ৬টি উইকেট নেন তিনি। তিনটি মেডেন ওভার করেন। নতুন বলে দাপট দেখান জগমনদীপ। সেই যে তাঁর ধাক্কায় আর্জেন্টাইন ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল, তা আর কোনও সময়তেই জোড়া লাগল না। কানাডার বাকি বোলাররাও চাপ বজায় রাখেন। কানাডার বোলারদের সম্মিলিত আক্রমণে আর্জেন্টিনার ইনিংস শেষ হয় ২০ ওভারের কমে।
২৩ রানে শেষ হয়ে যায় আর্জেন্টিনা। ২৪ রান করলে জিতবে, এই অবস্থায় রান তাড়া করতে নেমে মাত্র পাঁচ বলেই ম্যাচ জিতে নেয় কানাডা। ওপেনার ধর্ম প্যাটেল প্রথম বলেই এক রান নেন। এর পর ক্যাপ্টেন যুবরাজ সামরা পরের চার বলে ম্যাচ জিতে নেন। আর্জেন্টিনার হয়ে বল করছিলেন ফ্রানজ বুর। দুটো চার ও দুটো ছক্কায় কানাডা হারিয়ে দেয় আর্জেন্টিনাকে। ফ্রানজ বুর ওই ওভারে তিনটি ওয়াইড করেন। কানাডা ৪৯.১ ওভার হাতে থাকতে ম্যাচ জিতে নেয়।
যুব ওয়ানডেতে দ্রুততম রান তাড়া করে ম্যাচ জিতলেও এই রেকর্ডের অধিকারী হবে না কানাডা। এই ম্যাচটি যুব ওয়ানডের মর্যাদা পায়নি। সেই জন্য দ্বিতীয় সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড থেকে বেঁচে গেল আর্জেন্টিনা।
২০০৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ২২ রানে শেষ হয়ে গিয়েছিল স্কটল্যান্ড। যুব ওয়ানডেতে এটাই সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড। ওই ২২ রান অস্ট্রেলিয়া টপকে গিয়েছিল ৩.৫ ওভারে। এটাই এখনও পর্যন্ত দ্রুততম রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড।
আরও পড়ুন: চোট সারিয়ে এশিয়া কাপে খেলতে পারবেন সুর্য, হার্দিকরা? এল বড় আপডেট
