আজকাল ওয়েবডেস্ক: ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে সানরাইজার্স লিডসের হয়ে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ার ঘটনাকে ঘিরে তোলপাড় ক্রিকেট বিশ্ব।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় সমর্থকদের একাংশ। তবে সানরাইজার্স লিডসে আবরারের যোগদান নিয়ে বিসিসিআইয়ের কোনও ভূমিকা নেই। বিতর্কের মধ্যেই স্পষ্ট জানালেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা।
শুক্রবার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিসিসিআইয়ের কাজের ক্ষেত্র শুধুমাত্র আইপিএল পর্যন্তই সীমাবদ্ধ। বৃহস্পতিবার ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের নিলামে সানরাইজার্স লিডস ১ লক্ষ ৯০ হাজার পাউন্ড খরচ করে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নেয়।
সেই নিলামে উপস্থিত ছিলেন সান গ্রুপের সিইও কাব্য মারান। লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত নিলামে তাঁর সঙ্গে ছিলেন দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেত্তোরিও।
নিলামে ট্রেন্ট রকেটসকে টেক্কা দিয়ে আবরারকে দলে নেওয়ার ঘটনা বিশেষভাবে নজর কেড়েছে। কারণ, বহু বছর পর কোনও আইপিএল-সংযুক্ত ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানের কোনও ক্রিকেটারকে দলে নিল।
এই সিদ্ধান্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা যায়। কেউ কেউ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করার ডাকও দেন।
এর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে সানরাইজার্স লিডসের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। গোটা ঘটনা প্রসঙ্গে রাজীব শুক্লা বলেন, ‘আমাদের কাজের ক্ষেত্র আইপিএল পর্যন্তই সীমাবদ্ধ। আইপিএলের বাইরে কোনও বিদেশি লিগে তারা কী করছে, তাতে আমাদের কোনও ভূমিকা নেই। বিদেশি লিগে কোনও খেলোয়াড়কে দলে নেওয়া সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত। আইপিএলে যেহেতু পাকিস্তানের কোনও ক্রিকেটার নেই, তাই এই বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের উদ্বিগ্ন হওয়ার প্রশ্নই ওঠে না।’
পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ার পরই বিপাকে পড়ল ‘সানরাইজার্স লিডস’। বৃহস্পতিবার ইংল্যান্ডের ঘরোয়া ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের নিলামে আবরারকে দলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফ্র্যাঞ্চাইজিটির এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এক্সের তরফে কী কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে তার কোনও ব্যাখা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সান গ্রুপের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে রয়েছেন কালানিধি মারান।
উল্লেখযোগ্য বিষয় হল, ইংল্যান্ডের টি–টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক এই দলের অধিনায়কত্ব করবেন। কিন্তু এরপরেই শুরু হয় আসল বিতর্ক। কারণ, সাম্প্রতিক বছরগুলিতে এই প্রথম কোনও আইপিএল–সংযুক্ত ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানের কোনও ক্রিকেটারকে দলে নিল।
এর জেরে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অনেকে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করার ডাকও দেন।
এর মধ্যেই হঠাৎ করে ‘সানরাইজার্স লিডস’-এর এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। বর্তমানে কেউ অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করলে দেখা যাচ্ছে ‘Account suspended. X suspends accounts that violate the X rules.’
তবে এখনও পর্যন্ত এক্স কর্তৃপক্ষের তরফে স্পষ্ট করে জানানো হয়নি, ঠিক কোন কারণে সানরাইজার্স লিডসের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে।
