আজকাল ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চাইছে বিসিসিআই। অন্তত পরের বছর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। সেই মর্মে কথাবার্তা চলছে। যদিও দ্রাবিড় এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। বিশ্বকাপের পর তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকতে চাননি দ্রাবিড়। শোনা গিয়েছিল, বোর্ডও তাঁর চুক্তি বাড়ানোর বিষয়ে আগ্রহী নয়। মাঝে ভিভিএস লক্ষ্মণের নামও ভেসে ওঠে। দ্রাবিড়ের বদলি হিসেবে তাঁর কথা ভাবা হচ্ছিল। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে লক্ষ্মণ। বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের কোচ। কিন্তু সবাইকে অবাক করে আশিস নেহরাকে টি-২০ দলের কোচ হওয়ার প্রস্তাব দেয় বিসিসিআই। প্রথম ভারতীয় কোচ হিসেবে ২০২২ সালে আইপিএল জেতেন প্রাক্তন ভারতীয় পেসার। কিন্তু বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দেন নেহরা। তারপরই আবার দ্রাবিড়ের সঙ্গে আলোচনা শুরু করেন বিসিসিআই কর্তারা। তাঁকে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে থাকার অনুরোধ জানানো হয়েছে। তবে দ্রাবিড় এখনও কোনও সিদ্ধান্ত নেননি। প্রসঙ্গত, পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। ভারতের কোচ হলে সেটা সম্ভব হবে না। তাই স্বল্প সময়ের আইপিএলের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন দ্রাবিড়। মেন্টর হিসেবে যোগ দিতে চান। বিভিন্ন ফ্রাঞ্চাইজির সঙ্গে কথাও চলছে। তারমধ্যে সবচেয়ে এগিয়ে লখনউ সুপার জায়ান্টস।গৌতম গম্ভীরের বদলি হিসেবে দ্রাবিড়কে ভাবা হচ্ছে। এই অবস্থায় ভারতের কোচ হিসেবে চুক্তির মেয়াদ দ্রাবিড় বাড়ান কিনা সেটাই দেখার। ১০ ডিসেম্বর থেকে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শুরু। তার কিছুদিন আগেই দল রওনা হয়ে যাবে। অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যেই কোচ বাছাই করতে হবে বোর্ডকে।
Rahul Dravid: প্রস্তাব ফেরালেন আশিস নেহরা, টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়কেই চাইছে বোর্ড
















