আজকাল ওয়েব ডেস্ক: একসময় বিশ্বাস করা হত, ক্লিন শেভ পুরুষদের বেশি পছন্দ করেন মহিলারা। কিন্তু সময়ের সঙ্গে বদলেই পছন্দের ধরন। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, মহিলারা ক্লিভ শেভ পুরুষদের তুলনায় দাড়িওয়ালা পুরুষদের বেশি পছন্দ করেন। এমনকী দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য দাড়িওয়ালা পুরুষদেরই বেশি বিশ্বাসযোগ্য মনে করেন মহিলারা।
ইউরোপ ও আমেরিকায় প্রায় সাড়ে ৮ হাজার মহিলাদের নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, মহিলারা বিয়ের জন্য দাড়িওয়ালা ছেলেদের বেশি পছন্দ করেন। সেক্ষেত্রে ‘ক্যাজুয়াল’ সম্পর্কের জন্য ক্লিন শেভ ছেলেদের বেছে নিতে আপত্তি নেই মহিলাদের। গবেষণা বলছে, দাড়ি থাকলে পুরুষদের বেশি পরিণত দেখায়। এমনকী দাড়ি যত বড় হবে, ততই পোক্ত হবে সম্পর্ক, এমন তথ্যও উঠে এসেছে।
এক ডেটিং সাইট জানিয়েছে, ৬০ শতাংশ মহিলা দাড়িওয়ালা পুরুষদের বেশি আর্কষণীয় মনে করেন। যাদের মধ্যে ৫০ শতাংশ মহিলার সঙ্গীদের দাড়ি ও গোঁফ রয়েছে। আবার ব্রিটেনের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলারা দাড়ি রয়েছে এমন পুরুষদের বেশি পুরুষালী এবং আক্রমণাত্বক মনে করেন। এমন পুরুষদের পছন্দ করার পর তাঁরা আর মনের মানুষ খোঁজেন না।
এখানেই শেষ নয়, পুরুষদের দাড়িকে মহিলারা স্থিতিশীলতার লক্ষণ হিসাবে দেখেন, অর্থাৎ এই ধরনের পুরুষদের স্বল্প মেয়াদি সম্পর্কের চেয়ে দীর্ঘ মেয়াদি সম্পর্কের জন্য ভাল বলে মনে করা হয়। তবে যেমন তেমন দাড়ি নয়, একেবারে পরিপাটি করা সুন্দরভাবে যত্ন নেওয়া দাড়ি মহিলারা বেশি পছন্দ করেন।
আধুনিক যুগে দাড়ি রাখা শুধু নতুন ট্রেন্ড মানাই নয়, স্ট্যাটাসের লক্ষণও বটে! কিন্তু আপনি কি জানেন, লম্বা দাড়ি রাখার সুবিধাও রয়েছে? গবেষণা বলছে, সূর্যের ইউভি রশ্মি থেকে পুরুষদের ৯০ থেকে ৯৫ শতাংশ রক্ষা করে দাড়ি। তাই দীর্ঘক্ষণ সূর্যের আলোয় থাকলে যে ত্বক কুচকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, তা খানিকটা আটকাতে পারে দাড়ি। যদিও এটি সানস্ক্রিমের মতো ততটাও কার্যকরী নয়।
