আজকাল ওয়েব ডেস্ক: পাড়ার অলিতে গলিতে তাঁদের অবাধ বিচরণ। কখনও চেনা পরিচিত কাউকে দেখলে দূর থেকে ছুটে আসে, আবার কখনও অচেনা কারও উপর ঝাঁপিয়েও পড়ে। না, তাঁরা মানুষ নয়, পথ কুকুর। আর তাঁদের উৎপাত ঠেকাতেই বেশ কয়েক বছর ধরে কলকাতা ও শহরতলির বিভিন্ন জায়গায় বাড়ির সামনে নীল বোতল ঝোলাচ্ছেন গৃহস্থরা৷ কিন্তু এতে কি সত্যি সারমেয়দের তাড়ানো যায়?

কথিত বিশ্বাস, বাড়ির বাইরে নীল জলের বোতল ঝোলালে কুকুররা পালিয়ে যায়। কারণ সারমেয়রা অন্যান্য রঙের তুলনায় নীল রং বেশি দেখে। আর বিপদের আশঙ্কা করে তারা দূর থেকে পালিয়ে যায়। সেই কারণেই তারা বোতলের কাছে আসে না।

এদিকে অনেকেরই অভিযোগ,  বাড়ির সামনে নীল বোতল ঝুলিয়ে আদপে কোনও লাভ হচ্ছে না। আগের মতো বহাল তবিতয়ে ঘুরছে কুকুরের দল। উল্টে বোতলের গায়েই প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছে সারমেয়রা। তবে কি এতে আদৌ কোনও লাভ হচ্ছে না! এক্ষেত্রে বিজ্ঞান কী কথা বলছে?

বিশেষজ্ঞদের মতে, নীল বোতলের সঙ্গে কুকুরের কোনও সম্পর্ক নেই। কারণ বাস্তবে এর সঙ্গে বিজ্ঞানসন্মত কারণ খুঁজে পাওয়া যায়নি। এভাবে বোতল ঝুলিয়ে কুকুরকে দূরে রাখা সম্ভব নয়৷ আসলে কুকুররা 'কালার ব্লাইন্ড'। অর্থাৎ কোনও রঙের মধ্যে কুকুররা পার্থক্য করতে পারে না। তাই নীল বোতল ঝোলালেই যে কুকুর আসবে না, এমন বিশ্বাসের কোনও বিজ্ঞানসম্মত কারণ নেই। এর সাপেক্ষে তেমন কোনও যুক্তি পাওয়া যায়নি। অনেকে কুকুর তাড়াতে আবার লাল রঙের বোতলও ঝোলান। কিন্তু তাতেও তেমন কোনও লাভ হয় না!