ভারতে ট্রেন ভ্রমণ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য একটা যানবাহন নয়, বরং ট্রেনযাত্রা একটা অভিজ্ঞতা সঞ্চয় করা।
এমন এক যাত্রা যেখানে পরিবারের লোকেরা একসঙ্গে গল্প করে, খাবার খায়, একটু ঘুমিয়ে নেয় আর জানালার বাইরে বদলে যাওয়া দৃশ্য দেখতে দেখতে যাত্রা উপভোগ করে৷
সম্প্রতি ভাইরাল হয়েছে এক ভিডিয়ো৷ যেখানে ট্রেনে বসে খাবার খাওয়ার জন্য প্রেশার কুকার সঙ্গে নিয়েছেন এক মহিলা। ভারতীয় রেলের অন্যতম বড় আকর্ষণ, বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার। বিশেষ করে মায়েরা যে কোনও জায়গায় ঘুরতে গেলে বাড়ির মতোই খাবার গুছিয়ে নিয়ে যায়৷
বেশিরভাগ ক্ষেত্রেই সুন্দর করে প্যাক করা আলু পরোটা, আচার, পুরি-সবজি, স্যান্ডউইচ, কাটা ফল থেকে শুরু করে ঘরে তৈরি মিষ্টি—সব কিছুই থাকে সঙ্গে। এটি শুধু বাইরের খাবার এড়ানোর জন্য নয়, বরং সবাই যেন পেট ভরে খায়, খুশি থাকে এবং যত্নে থাকে—সেই ভাবনা থেকেই। যাত্রা যত ছোট বা বড়ই হোক, মায়েরা কখনও খাবার বিষয় অবহেলা করে না।
সারারাত ট্রেনে যাত্রা করলে রাতের ঘুমের জন্য বিছানা, হালকা লাগেজ আর ঘরের মতো খাবারের ছোঁয়াও পাওয়া যায় ট্রেনে। অনেকের কাছে ট্রেনযাত্রা মানে পরিবারের সঙ্গে নিরবচ্ছিন্ন সময় কাটানো, যা ব্যস্ত জীবনে সবসময় সম্ভব হয় না।
সম্প্রতি ভাইরাল হয়েছে এক ভিডিও৷ তবে ভাইরাল হওয়া এই ভিডিওটি যেন বাড়ির খাবার নিয়ে যাওয়ার অভ্যাসকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি মেয়ের কোলে একটি প্রেশার কুকার, আর সে হাসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই মা ব্যাগ থেকে কুকারটি বের করে ট্রেনের মধ্যেই পরিবারের সদস্যদের গরম পোলাও পরিবেশন করতে শুরু করেন। ভিডিওর ক্যাপশনেই বিষয়টি দারুণভাবে ধরা পড়েছে: “মাকে বলেছিলাম রাতের ট্রেন… তিনি কুকারই প্যাক করে ফেললেন!”
কমেন্ট সেকশনে অনেকেই মায়ের এই ভালোবাসা ও যত্নের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “আমি এতে হাসির কিছু দেখছি না, আমি শুধু তার ভালোবাসা আর যত্ন দেখছি।” আরেকজন লিখেছেন, “খুব মিষ্টি! দয়া করে হাসবেন না, এটা মায়ের ভালোবাসা।” অন্য একজন মন্তব্য করেছেন, “ভাবুন তো, যদি মা কিছু প্যাক না করতেন, তাহলে আপনাকে ট্রেনের খাবারই খেতে হতো।”
একজন ব্যবহারকারী নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, “আমরা যখন পুরো পরিবার একসঙ্গে ভ্রমণ করতাম, আমরাও এভাবেই অনেক কিছু ট্রেনে নিয়ে যেতাম। আপনার ভিডিও দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল।” আরেকজন লিখেছেন, “আপনারা সত্যিই ভাগ্যবান। আমি অনেক ভ্রমণ করি, কিন্তু স্টেশনের খাবার পছন্দ না হওয়ায় অনেক সময় না খেয়েই ঘুমিয়ে পড়ি।”
আরেকটি মজার মন্তব্য ছিল, “এই জন্যই অলস মানুষ আসলে বুদ্ধিমান। খাবার গরম রাখার জন্য আলাদা কন্টেনারে না নিয়ে সরাসরি কুকারটাই নিয়ে এসেছে! আমি এমন মা-ই হতে চাই।”
এই ভিডিওটি আবারও মনে করিয়ে দেয়—ভালবাসা মুখে না বলেও অনেক সময় গরম গরম এক প্লেট খাবারেই লুকিয়ে থাকে।















