সমুদ্র সৈকতে বেড়াতে গেলে রোদ থেকে বাঁচতে ছাতা বা বিচ আমব্রেলা প্রায় সবারই প্রয়োজন হয়। ইতালির সার্ডিনিয়া দ্বীপের বিখ্যাত পুন্টা মোলেন্তিস বিচে অধিকাংশ ভ্রমণার্থীর জন্য নিষিদ্ধ করা হয়েছে বিচ আমব্রেলা, তাঁবু এবং ছায়া দেওয়ার অন্যান্য সরঞ্জাম।
এই নতুন নিয়ম কার্যকর হয়েছে ২০২৬ সালের ৬ জুন থেকে। স্থানীয় প্রশাসনের দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সৈকতের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে।অত্যধিক ভিড়ের কারণে সৈকতের বালিয়াড়ি, গাছপালা এবং সংবেদনশীল উপকূলীয় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে জানানো হয়েছে।
তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে ১০ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে থাকা পরিবার এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরাই নির্দিষ্ট শর্তে ছাতা ব্যবহার করতে পারবেন। বাকি অধিকাংশ পর্যটক সৈকতে বড় ছাতা, টেন্ট বা গেজেবো নিয়ে যেতে পারবেন না।
প্রশাসনের যুক্তি, আগে সৈকতে অসংখ্য ছাতা ও অস্থায়ী কাঠামো বসানোর কারণে চলাচলের জায়গা কমে যাচ্ছিল। কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত মানুষকে সরিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়তে পারে। তাই ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার জন্য এই পদক্ষেপ করা হয়েছে।
কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ অনেক পর্যটক মনে করছেন, প্রচণ্ড রোদের মধ্যে ছাতা ছাড়া সমুদ্রের ধারে বসে থাকা কঠিন। শুধু ছাতা নিষিদ্ধ নয়, সৈকতে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য আরও কিছু নিয়ম চালু করা হয়েছে। প্রবেশের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আনা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রকৃতি রক্ষার জন্যই সার্ডিনিয়ার এই জনপ্রিয় সৈকতের নতুন নিয়ম। তবে এই সিদ্ধান্ত ভবিষ্যতে বিশ্বের আরও পর্যটনকেন্দ্রে এমন পরিবেশবান্ধব নিয়ম চালুর পথ তৈরি করবে কি না, সেটাই এখন দেখার।















