আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’। নির্দেশিকা দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এর পাশপাশি প্রতি বছর ‘পয়লা বৈশাখ’ শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে ‘রাজ্য দিবস’ পালনের কথাও বলা হয়েছে। মুখ্যসচিবের নির্দেশিকায় প্রকাশ, রাজ্যের গরিমা, সংস্কৃতি, ঐতিহ্যের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরেই ‘রাজ্য দিবস’ এবং ‘রাজ্য সঙ্গীত’-এর প্রয়োজন অনুভূত হয়। পয়লা বৈখাখকে ‘রাজ্য দিবস’ ঘোষণা করা হয়েছে। যাকে বলা হবে ‘বাংলা দিবস’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’-কে ‘রাজ্য সঙ্গীত’ ঘোষণা করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতি বছর ‘রাজ্য দিবস’ পালন করবেন পশ্চিমবঙ্গবাসী। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে ১ মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’। অনুষ্ঠানের শেষে গাইতে হবে ‘জাতীয় সঙ্গীত’। এই দুটি গানই উঠে দাঁড়িয়ে সকলকে গাওয়ার কথা বলা হয়েছে।
STATE SONG: রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’, নির্দেশিকা মুখ্যসচিবের
















