আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে বিভিন্ন বোর্ডের দ্বাদশের পরীক্ষার ফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এ বার শুরু রাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। কলেজগুলিতে ভর্তির জন্য অভিন্ন পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। কলকাতার অন্যতম নামী দু'টি বিশ্ববিদ্যালয়- যাদবপুর এবং প্রেসিডেন্সিতে শুরু হয়েছে ভর্তি। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা এবং বিজ্ঞান বিভাগের তরফে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, কলা বিভাগের অধীনে বাংলা, ইংরেজি, তুলনামূলক সাহিত্য, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, দর্শন, সংস্কৃত এবং অর্থনীতি নিয়ে পড়ার সুযোগ রয়েছে। অন্য দিকে, বিজ্ঞান বিভাগের অধীনে পদার্থবিদ্যা, রসায়ন, ভূতত্ত্ববিদ্যা, গণিত এবং ভূগোল নিয়ে স্নাতকে ভর্তির সুযোগ রয়েছে। দু'ক্ষেত্রেই কিছু শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে। ওই মানদণ্ড মেনেই আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ভর্তির আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিভাগে ভর্তির যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে পড়ুয়াদের ওই বিষয় এবং সার্বিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। তবে কিছু বিষয়ের ক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষার মোট নম্বর এবং বিষয়ভিত্তিক নম্বরকেই ভর্তির সময় বিবেচনা করা হবে। তার ভিত্তিতেই মেধাতালিকা প্রস্তুত করা হবে।
পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ স্নাতকে ভর্তির আবেদন করতে পারবেন। এ জন্য কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না তাঁদের। তবে প্রবেশিকা দেওয়ার জন্য নির্ধারিত ফি সংরক্ষিতদের ক্ষেত্রে ১০০ টাকা এবং অসংরক্ষিতদের ক্ষেত্রে ২০০ টাকা। অনলাইনে আবেদন জানানোর শেষ দিন আগামী ৫ জুন। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুন। এর পর ২৫ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে কলা বিভাগের বিভিন্ন বিষয়ের প্রবেশিকার আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেই হবে প্রবেশিকা। মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য দিন ১৫ জুলাই। অন্য দিকে, বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের প্রবেশিকা হবে ২৩ ও ২৫ মে জুন। মেধাতালিকা প্রকাশ করা হবে ৮ জুলাই।
অন্য দিকে, রাজ্যের অন্য একটি নামী বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সিতেও এ বার সরাসরি ভর্তির সুযোগ মিলবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড এ বার পিইউবিডিইটি-র আয়োজন করবে না। বিশ্ববিদ্যালয়ের ছ'টি বিভাগেই ভর্তির প্রবেশিকার আয়োজন করা হবে। যদিও প্রবেশিকায় উত্তীর্ণ হতে না পারলে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগও মিলবে। যদিও প্রথম বছর বিশ্ববিদ্যালয় স্বাধীন ভাবে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করছে অর্থনীতি, জীবনবিজ্ঞান, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং রাশিবিজ্ঞান (স্ট্যাটিস্টিক) বিভাগের জন্যই। সংশ্লিষ্ট বিভাগে ভর্তির প্রবেশিকা আয়োজন করা হবে। এ ছাড়াও বাংলা, ইংরেজি, হিন্দি, দর্শন, সমাজবিদ্যা, পারফর্মিং আর্টস, বায়োটেকনোলজি, ভূগোল, জিয়োলজি, গণিত এবং পদার্থবিদ্যা নিয়ে পড়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলিতে দশম এবং দ্বাদশের নম্বরের ভিত্তিতেই ভর্তির যোগ্যতা যাচাই করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে ১ জুন পর্যন্ত। প্রবেশিকার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ৬ জুন। পরীক্ষার আয়োজন করা হবে ১২ থেকে ১৪ জুন। মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য সময় ২৪ জুন। অন্য দিকে, প্রবেশিকা ছাড়া যে বিষয়গুলিতে ভর্তি নেওয়া হবে, তার মেধাতালিকা প্রকাশ করা হবে ৯ জুন।















