আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্র সরোবর স্টেশনের ডাউন লাইনে বৃহস্পতিবার বিকেল প্রায় ৪.৪৬ মিনিট নাগাদ এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে।
ওই যাত্রীকে উদ্ধার করতে লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে সাময়িক পাওয়ার ব্লক করা হয় মেট্রোর তরফে। যে কারণে অফিস টাইমে সমস্যার মুখে পড়েন যাত্রীরা।
এই ঘটনার জেরে মেট্রো পরিষেবায় সাময়িক ব্যাঘাত ঘটে। বর্তমানে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে সীমিত পরিসরে মেট্রো পরিষেবা চালু রয়েছে। বিকেল প্রায় ৫.৪৭ নাগাদ ফের স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
প্রসঙ্গত, জানুয়ারি মাসের শেষে গত ২২ জানুয়ারি আচকাই সাতসকালে মেট্রো চলাচলে দেখা দেয় বিঘ্ন। জানা গেছে, ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) পরিষেবা ব্যাহত হয়।
দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু ছিল। অন্য দিকে, মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যেও মেট্রো চলাচল করছে।
আপাতত রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। ফলে কর্মব্যস্ত সময়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে, রবীন্দ্র সদনে যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়েছে।
জানা গেছে,দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোকে মহানায়ক উত্তমকুমার স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। তার পরেই যাত্রীদের মেট্রো থেকে নেমে যেতে বলা হয়।
ময়দান স্টেশনেও রবীন্দ্রসদনমুখী একটি মেট্রোকে দাঁড় করিয়ে যাত্রীদের নেমে যেতে বলা হয়। তার পরেই প্রতিটি স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত পরিষেবা বন্ধ থাকার কথা জানানো হয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় মেট্রো কর্তৃপক্ষ।
এর আগে ১৩ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে বন্ধ হয়ে যায় ব্লু লাইনের একটা বড় অংশের পরিষেবা। মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে ময়দান পর্যন্ত পরিষেবা একেবারে বন্ধ ছিল।
সেদিনও ব্যস্ত সময়ে মেট্রো না পেয়ে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। সেই সময় মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণে ব্যাহত হয়েছে পরিষেবা।
তারপর, গত ২২ জানুয়ারি ফের যান্ত্রিক গোলযোগের কারণে ব্যাহত পরিষেবা। যদিও শেষ খবর পাওয়া অবধি পরিষেবা আপাতত স্বাভাবিক হয়েছে।
