আজকাল ওয়েবডেস্ক: যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ড। বুধবার ভরদুপুরে তড়িঘড়ি জরুরি অবতরণ হল কলকাতা বিমানবন্দরে। অগ্নিকাণ্ডের সময় বিমানটিতে মোট ২৩৬ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
সূত্রের খবর, বুধবার দুপুর দু'টো বেজে ৪৯ মিনিটে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ হয় তুরস্ক এয়ারলাইন্সের ৭২৭ বিমানটি। কাঠমান্ডু থেকে ইস্তানবুলের দিকে যাচ্ছিল বিমানটি। সেই বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুনের ফুলকি দেখা যায়। তা দেখেই কলকাতা বিমানবন্দরে খবর পাঠানো হয়। তড়িঘড়ি দুপুরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
জানা গেছে, বিমানটিতে ১১ জন ক্রু মেম্বার সহ ২৩৬ জন যাত্রী ছিলেন। বুধবার কাঠমান্ডু থেকে উড়ানের চার মিনিট পরেই ডান দিকের ইঞ্জিনে আগুনের ফুলকি দেখা গিয়েছিল। মাঝ আকাশে ইঞ্জিনে আগুন দেখেই দ্রুত কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য অনুমতি চান পাইলট। অনুমতি পেয়েই এদিন দুপুরে জরুরি অবতরণ হয় তুরস্ক এয়ারলাইন্সের ওই বিমানের।
নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, বিমানের সকল ক্রু মেম্বার ও যাত্রীরা নিরাপদে আছেন। জরুরি অবতরণের পরেই দ্রুত তাঁদের উদ্ধার করা হয়েছে। আপাতত বিমানটি কলকাতা বিমানবন্দরেই রয়েছে। তার পরীক্ষানিরীক্ষা চলছে। ইঞ্জিনের অবস্থাতেও খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থাও করা হবে শীঘ্রই।
গত বছর নভেম্বর মাসে আরেকটি বিমানের জরুরি অবতরণ হয়েছিল কলকাতা বিমানবন্দরে। ভ্যাঙ্কুভার থেকে দিল্লিতে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সেই বিমানেই অসুস্থ হয়ে পড়েছিলেন এক যাত্রী। তড়িঘড়ি করে বিমানটিকে জরুরি অবতরণ করা হয় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমান থেকে যাত্রীকে নামিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জরুরি অবতরণ করে অসুস্থ যাত্রীকে নামিয়ে, বিমানটি ভোররাতে আবারও রওনা দেয়।
