আজকাল ওয়েবডেস্ক: আমেরিকাতে বানানো আইফোনই শুধু মার্কিন মুলুকে বিক্রি করা যাবে। না হলেই গুণতে হবে বাড়তি শুল্ক। নতুন ফতোয়া জারি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য দেশে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলেই চাপানো হবে ২৫ শতাংশ শুল্ক। অ্যাপলকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "আমি অনেক আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছি যে, তাঁদের যেসব আইফোন মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হবে সেগুলি ভারত বা অন্য কোথাও নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেই তৈরি হতে হবে। যদি তা না হয়, তাহলে অ্যাপলকে কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক আমেরিকাকে দিতে হবে।"
প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির পরই প্রিমার্কেট ট্রেডিংয়ে অ্যাপলের শেয়ারের দাম ২.৫ শতাংশ কমেছে। ফলে মার্কিন স্টক ইনডেক্স ফিউচারের দাম কমেছে।
কোনও পৃথক সংস্থার উপর মার্কিন প্রশাসন এভাবে শুল্ক আরোপ করতে পারে কিনা তা স্পষ্ট নয়। ট্রাম্পের এই ঘোষণার পর সংবাদ সংস্থা রয়টার্স প্রতিক্রিয়ার জন্য অ্যাপল-কে অনুরোধ জানালেও সংস্তাটির তরফে কোনও সাড়া মেলেনি।
রয়টার্স গত মাসে জানিয়েছিল, চিনের উপর ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ফলে আইফোনের দাম বৃদ্ধির আশঙ্কা বেড়েছে। অ্যাপল ভারতকে একটি বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে স্থান দিচ্ছে।
আইফোন নির্মাতা সংস্থাটিও জানিয়েছিল যে, জুন ত্রামাসিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া তাদের বেশিরভাগ স্মার্টফোন ভারত থেকে আসবে।
মার্কিন বহুজাতিক সংস্থা অ্যাপল তাদের বেশির ভাগ জিনিসই আমেরিকার বাইরেই তৈরি করে। এই সংস্থার ৮০ শতাংশেরও বেশি জিনিস তৈরি হয় চিনে। অ্যাপল আইফোনের প্রায় ২০ শতাংশ ভারতে তৈরি হয়। ভারতে তৈরি হওয়া আইফোনগুলির সিংহভাগই আমেরিকার বাজারে বিক্রি হয়।
ভারত-সহ অন্য দেশে জিনিস তৈরি করা বন্ধ করুক অ্যাপল। এমনটাই চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি বছরের এপ্রিলেই তা স্পষ্ট করে দেয় হোয়াইট হাউস। ট্রাম্পও সম্প্রতি হুঁশিয়ারির সুরেই অ্যাপল প্রধান কুক-কে বলেছিলেন, "আমরা আপনাদের সঙ্গে ভালই ব্যবহার করছি। বছরের পর বছর ধরে আপনারা চিনে যে উৎপাদনকেন্দ্র তৈরি করেছেন, তা আমরা সহ্য করেছি। কিন্তু আপনারা ভারতে যে কারখানা তৈরি করছেন, তা আমাদের পছন্দ নয়। ভারত নিজেই নিজেদের খেয়াল রাখতে পারে এবং তারা বেশ ভাল ভাবেই চলছে।"
এরপরও সেভাবে বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করতে দেখা যায়নি অ্যাপলকে। শেষে এল ট্রাম্পের হুঁশিয়ারি।
