আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল তাদের বহুদিনের পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছিল ইরান আক্রমণ করে।  শুক্রবার ভোররাতে ইরানের সরকারি ঘাঁটি, পরমাণু ঘাঁটি-সহ দেশের একাধিক জায়গায় হামলা চালায় ইজরায়েল। ঠিক তার পরেই ইরানের শীর্ষ নেতা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, ‘‌এই কাজ যারা করল, তারা নিজেদেরই সর্বনাশ ডেকে আনল। এর বদলা নেওয়া হবে।'

?ref_src=twsrc%5Etfw">June 13, 2025

 

খামেনেইয়ের হুঁশিয়ারির কয়েকঘণ্টার মধ্যেই প্রবল প্রত্যাঘাত ইরানের। একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রাথমিকভাবে ইরানের পাল্টা হামলার কথা জানিয়েছিল কিছুক্ষণ আগেই। ইতিমধ্যেই হামলার বিষয় নিশ্চিত করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইজরায়েলের নাগরিকরা এই মুহূর্তে ইরানের শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তু। জেরুজালেম এবং তেল আভিভের জায়গায় জায়গায় বিস্ফোরণ, সাইরেনের শব্দ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা। 

 

অন্য একটি পোস্টে জানানো হয়েছে, ইজরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপনাস্ত্র ছুড়েছে ইরান। আশঙ্কাকে সত্যি করে শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং‌ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালায় ইজরায়েলি সেনা। ২৪ ঘণ্টায় দু' বার আক্রমণ। তার পরেই শুক্রবার মধ্যরাত পেরিয়ে প্রবল প্রত্যাঘাত ইরানের।