আজকাল ওয়েবডেস্ক: শহরের দুই গুরুত্বপূর্ণ সেতুর নিচে বেআইনি দখল সরাতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার। শিয়ালদা স্টেশনের আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে অবস্থিত বিদ্যাসাগর সেতু এবং যাদবপুর-সন্তোষপুর এলাকার সুকান্ত সেতুর নিচে বেআইনি দোকান উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে।
পুরসভার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় যাঁরা কলকাতা পুর কর্পোরেশন আইন, ১৯৮০-এর ধারা ৩৭১ সহ ধারা ৫১৬ লঙ্ঘন করে স্থায়ী বা অস্থায়ী কোনও কাঠামো, দোকান, শেড বসিয়েছেন, তাঁদের তা সরিয়ে নিতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রবিবার থেকে সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের উদ্যোগে ওই সমস্ত দোকান ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে।
পুরসভার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বেআইনি দখল বা কাঠামো সরানো না হলে কলকাতা পুর কর্পোরেশন আইন, ১৯৮০ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আপত্তি গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। পুরসভার এই পদক্ষেপের ফলে বিদ্যাসাগর সেতু ও সুকান্ত সেতুর নিচের অংশে বুলডোডার চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কলকাতা পুরসভার এই নোটিশের পর ফেসবুকে পোস্ট করে সুষ্ঠু সমাধানের কথা জানিয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।
সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘কলকাতার দুই প্রান্তে দুটি উচ্ছেদের নোটিস পড়ল। বহু হকার পরিবার উদ্বিগ্ন। বহু পরিবারের ভবিষ্যৎ জড়িত। তৃণমূল নেতারা কথা বলছেন। সুষ্ঠু সমাধানের ফর্মুলা তৈরির চেষ্টা হচ্ছে। শিয়ালদহ নিয়ে মোনালিসা বন্দ্যোপাধ্যায় আজই বৈঠক করেছেন। উল্লেখ্য, মমতাদি ইতিমধ্যেই হকার ইস্যুতে সরব হয়ে মিছিল করেছেন। সকলে একজোট হয়ে এই সমস্যার মোকাবিলা করা প্রয়োজন।’
উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যে একাধিক রেলস্টেশনে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। বুলডোজার চালিয়ে সাফ করে ফেলা হয়েছে এলাকা। তপসিয়া, কসবা কিংবা পার্ক সার্কাসের মতো এলাকায় যেভাবে বুলডোজার অ্যাকশন চলেছে। আবার, হাওড়া, শিয়ালদহ ও দমদম স্টেশনের আশপাশের বেআইনি দোকান উচ্ছেদ করা হয়েছে।














