আজকাল ওয়েবডেস্ক: একদিকে চলছে বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনার এক ফুটবলারের জীবনে নেমে এল ভয়াবহ দুঃসংবাদ। ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের একটি দলের হয়ে খেলা আর্জেন্টিনার একজন ফুটবলার গত সপ্তাহের ভূমিকম্পে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন। এই ভূমিকম্প শতাব্দীর মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে মনে করা হচ্ছে।
আর্জেন্টিনার ফুটবলার লুকাস ত্রেহো ভেনেজুয়েলার ‘ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুয়াইরা’র হয়ে খেলেন। সেই তিনিই গত তিন দিন ধরে ধ্বংসস্তূপের মধ্যে স্ত্রী ইয়ানিনা এবং তাঁদের সন্তান অ্যারন ও আইনহোয়ারকে খুঁজে চলেছেন। ত্রেহোর শ্যালক রিকার্দো আরদিলেস বলেন, ঘটনার পর থেকেই ত্রেহো মানসিকভাবে ভেঙে পড়েছেন। ভেনেজুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি লা গুয়াইরায় তাঁর পরিবারের সমুদ্রসৈকত–সংলগ্ন বাড়িটির কিছুই আর অবশিষ্ট নেই।
গত বুধবার ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই জোড়া ভূমিকম্পে প্রায় ৮০০ বাড়ি ধসে পড়ে। ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। আরও অন্তত ৫০ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। যখন দুটি ভূমিকম্প আঘাত হানে, তখন কারাকাসে দলের একটি প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন ৩৮ বছর বয়সী ত্রেহো। ঘটনার খবর পেয়েই রাজধানী থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তরে লা গুয়াইরায় তাঁর বাড়ির উদ্দেশে ছুটে যান।
আরদিলেস বলেন, ''সেখানে গিয়ে ত্রেহো এক ভয়াবহ দৃশ্য দেখতে পান। বাড়িটি যেখানে ছিল, সেখানে কিছুই আর দাঁড়ানো অবস্থায় ছিল না। আমরা আশা করছিলাম, ইয়ানিনা ও তাঁর সন্তানেরা যেন এই ধ্বংসস্তূপের ভেতরে না থাকে।’ কিন্তু ত্রেহো ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবনের চিহ্ন খুঁজে বের করার চেষ্টা করেন এবং ভারী যন্ত্রপাতির প্রয়োজনীয়তার কথা জানিয়ে সাহায্যের আবেদন করেন। ত্রেহোর বন্ধু ও সতীর্থরা আরও যন্ত্রপাতির আকুতি জানিয়ে একটি ভিডিও তৈরি করেছেন। ভেনেজুয়েলার মেত্রোপলিতানোস এফসির খেলোয়াড় রবার্ট গার্সেস বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে মাত্র একটি মেশিন আছে, কিন্তু এটি যথেষ্ট নয়।’
কিন্তু শেষমেশ আর কিছুই করা যায়নি। রবিবার ‘ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুয়াইরা’ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ত্রেহোর পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবটি গোটা পরিবারের একটি একটি ছবিও শেয়ার করেছে।















