আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়ালেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। উদ্ধারকাজ ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার দান করেছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও ডট কম।
প্রতিবেদন অনুযায়ী, নেইমারের দেওয়া এই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে খাবার, পানীয় জল, চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা।
নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে।’ এই অনুদান বিপর্যস্ত পরিবারগুলির জন্য কিছুটা শক্তি ও স্বস্তি এনে দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি, ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ১৪৩০ জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন ৩২৩৮ জন এবং ঘরছাড়া প্রায় ৩১৪২টি পরিবার। উদ্ধারকারী দলগুলি এখনও ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজ চালাচ্ছে। তবে উদ্ধার সরঞ্জামের অভাব এবং বারবার আফটারশকের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় একাধিক আফটারশক অনুভূত হয়েছে। অন্যদিকে, ফিট হয়ে ৯৮১ দিন ব্রাজিলের জার্সি পরে মাঠে নেমেছেন নেইমার।
স্কটল্যান্ডের বিরুদ্ধে শেষদিকে তাঁকে নামিয়েছিলেন কোচ অ্যান্সেলত্তি। ব্রাজিলের কোচ কার্লো জানিয়েছেন, নেইমারের ফিটনেসে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি এখন আগের তুলনায় বেশি সময় মাঠে থাকতে পারবেন।
ফিফা বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। তবে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষের দিকে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।
অ্যান্সেলত্তি বলেন, ‘গত এক সপ্তাহে নেইমারের উন্নতি উল্লেখযোগ্য। আগে ১৫ মিনিটের বেশি খেলা সম্ভব হচ্ছিল না, কিন্তু এখন নেইমার আরও বেশি সময় খেলার মতো অবস্থায় রয়েছে।’
গ্রুপ সি-তে শীর্ষে থেকে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। টানা ১২টি বিশ্বকাপে নিজেদের গ্রুপের শীর্ষে থাকার নজির গড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৮২ সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই গ্রুপ পর্বে প্রথম স্থান ধরে রেখেছে ব্রাজিল। সোমবার রাতে জাপানের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-এর ম্যাচ খেলতে নামবেন ভিনিসিয়াসরা।















