আজকাল ওয়েবডেস্ক: বিজ্ঞানের যুগে রোজই নতুন নতুন আবিষ্কার। তবে এবার জার্মান সংস্থা যে বিষয়ের কথা প্রকাশ্যে এনেছে তাতে তাজ্জব এক অংশ। অনেকেই প্রশ্ন করছেন, তাহলে ব্যবহার করা যাবে কীভাবে। কোন পন্থায় ব্যবহার করলে সুরক্ষিত থাকা যাবে?

 

এই গোটা ঘটনা, কৌতূহলের মুলে আদতে এক জার্মান সংস্থা। জার্মান যৌন স্বাস্থ্য সংস্থা বিলি বয় 'ক্যামডম' নামে একটি অ্যাপ লঞ্চ করেছে। যার ব্র্যান্ডিংয়ে বলা হচ্ছে ডিজিটাল কনডোম। কিন্তু কেন? অ্যাপকে কেনই বা তুলনা করা হচ্ছে কনডোমের সঙ্গে? তার ব্যাখ্যা দিয়েছে সংস্থা।

 

বলা হয়েছে। ক্যামডম অ্যাপ মূলত বাধা দেবে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলতে। অর্থাৎ ওই অ্যাপ থাকলে, বৈদ্যুতিন যন্ত্রে কাউকে না জানিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি, অডিও, ভিডিও রেকর্ড করা যাবে না। তাতে অনুমতি লাগবে দু' পক্ষের। 

 

যেহেতু বাধা, বা প্রতিহত করার কাজ করবে এই অ্যাপ, তাই এই অ্যাপকে 'ডিজিটাল কনডোম' বলে অভিহিত করছে সংস্থা। এই অ্যাপটি ইতিমধ্যে বহু দেশের বাসিন্দারা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

 

কিন্তু কেন এই ভাবনা? সংস্থার পক্ষ থেকে ফিলিপ আলমেদা জানাচ্ছেন, স্মার্টফোন সর্বস্ব যুগে, মূলত সুরক্ষার কথা মাথায় রেখেই এই অ্যাপ তৈরি। কেবলমাত্র ব্লু টুথ ব্যবহারের মাধ্যমে ক্যামেরা এবং মাইক্রোফোন বন্ধ করতেও পারবে। 

 

ব্যবহার কীভাবে? যে কোনও অন্তরঙ্গ মুহূর্তের আগে, ক্যামডম ব্যবহারকারীর তাঁদের ফোন কাছে রেখে, অ্যাপ অন করে দেবেন। কেউ এটি বাইপাসের চেষ্টা করলেও, তৎক্ষনাৎ অ্যালার্ম দেবে ওই অ্যাপ থাকা ফোনটি। এই ঘটনা সমাজমাধ্যমে আসতেই নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ যেমন অবাক, কেউ খুশি কেউবা তাজ্জব।