আজকাল ওয়েবডেস্ক: পাঁচ মাস পর অবশেষে বুধবার জামিন পেইয়েছিলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। বুধবার ঢাকা হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও আলি রেজার বেঞ্চ চিন্ময়কৃষ্ণের জামিন মঞ্জুর করে। তবে তারপরেও জেলমুক্তি হয়নি। কারাবন্দি থাকা অবস্থায়, ফের গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ। বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে খবর, আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় তাঁকে শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছে আদালত।
গত ২৫ নভেম্বর চিন্ময়কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছিল। জুয়ালি আন্দোলন, সরকার পতনের পর, চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল পদ্মাপারে। ২৭ নভেম্বর প্রথম তাঁকে চট্টগ্রাম আদালতে পেশ করা হয়। এরপর গত ১১ ডিসেম্বর যখন চিন্ময়কৃষ্ণ দাসকে আদালতে পেশ করা হয়, তখন তাঁর হয়ে লড়াই করার জন্য কোনও আইনজীবী ছিল না। এরপর একাধিকবার চিন্ময়কৃষ্ণকে আদালতে পেশ করা হলেও প্রতিবারই তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়।
৩০ এপ্রিল জামিন মঞ্জুর হয় তাঁর। কিছুক্ষণের মধ্যেই সেই জামিন স্থগিত করা হলেও, আশা ছিল, দ্রুত জেলমুক্তি ঘটবে। তবে, ৫ মে, বাংলাদেশের সংবাদ সংস্থা জানিয়েছে, কারাবন্দি চিন্ময় কৃষ্ণকে ফের গ্রেপ্তারের অর্থাৎ শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম আদালত। উল্লেখ্য, চিন্ময়কৃষ্ণের মামলা, জামিন নিয়ে নভেম্বরে উত্তাল পরিস্থিতিতে চট্টগ্রাম আদালত চত্বরে মৃত্যু হয়েছিল সইফুলের। অভিযোগ, তাঁকে আদালত চত্বরে অশান্তির মাঝেই খুন করা হয়।
