আজকাল ওয়েবডেস্ক: দুবাই বিমানবন্দরের কাছে বিপর্যয়। সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর পরপরই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভানোর জন্য দুবাই সিভিল ডিফেন্সের কর্মীদের অবিলম্বে মোতায়েন করা হয়। সতর্কবার্তার ফলে আগে থেকেই বিমানবন্দরের আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল বলে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
দুবাই মিডিয়া অফিস 'এক্স' প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছে, "দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার ফলে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।" ওই পোস্টে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়েই দুবাই সিভিল ডিফেন্সের দল আগুন নেভানোর কাজে লেগে পড়ে। পরবর্তীতে দুবাই মিডিয়া অফিস নিশ্চিত করে যে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারা জানায়, "দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি জ্বালানি ট্যাঙ্কের আগুন দুবাই সিভিল ডিফেন্সের দলগুলো সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।"
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, দুবাই সিভিল ডিফেন্সের জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তারা আরও জানায়, স্থানীয় বাসিন্দা, কর্মী এবং বিমানবন্দরের কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিমানবন্দরের কর্মকর্তারা উল্লেখ করেন যে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার জেরেই এই বিপত্তি। স্বাভাবিকভাবেই এই ঘটনায়, এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়়ছে। উদ্ধারকারী দলগুলো তাদের কাজ চালিয়ে যাওয়ায়, কর্তৃপক্ষ জনসাধারণকে সরকারিভাবে প্রকাশিত সর্বশেষ তথ্যের ওপর নজর রাখার আহ্বান জানিয়েছে।
ড্রোন হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে, দুবাই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে যে, সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
দুবাই মিডিয়া অফিস 'এক্স'-এ লিখেছে, "সকল যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুবাই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। ভ্রমণকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, তাদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন বা বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে। পরবর্তী যেকোনও তথ্য সরকারি চ্যানেলগুলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।"
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ আরও ঘোষণা করে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বা সেখানে অবতরণকারী বেশ কিছু ফ্লাইটকে ঘুরিয়ে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মধ্য এশিয়ায় চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরশাহিকে নিশানা করে ১,৮০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। কর্মকর্তাদের মতে, এর ফলে সংযুক্ত আরব আমিরশাহি বর্তমানে ইরান মারফৎ সবচেয়ে বেশি হামলার শিকার। হামলার এই ধারাবাহিকতায় উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ের বিমান চলাচলে বিঘ্ন ঘটাল। যদিও দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনকেই মাঝপথে প্রতিহত করেছে।
আমেরিকা ও ইজরায়েলের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর, ইরান উপসাগরীয় অঞ্চলজুড়ে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ এবং তাদের ব্যবহার্য বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল ঘাঁটি-সহ বিভিন্ন অসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ছয়'জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে চারজন সাধারণ নাগরিক এবং দু'জন সামরিক বাহিনীর সদস্য। ওই দুই সেনাসদস্য একটি হেলিকপ্টার ভেঙে পড়ায় প্রাণ হারিয়েছেন। ধারণা করা হচ্ছে, কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই ওই দুর্ঘটনাটি ঘটেছিল।
