আজকাল ওয়েবডেস্ক:‌ইজরায়েল–হামাস যুদ্ধের বলি এক সাংবাদিক। আহত আরও অন্তত ছয় সাংবাদিক। জানা গেছে, ইজরায়েলের হামলায় মারা গেছেন রয়টার্সের চিত্র সাংবাদিক ইশাম আবদুল্লা। এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, ‘ইশাম দক্ষিণ লেবাননে কাজ করছিলেন। সেখানেই গোলাবর্ষণে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা মর্মাহত। ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইশামের পরিবারের পাশে রয়েছে রয়টার্স।’ রয়টার্স আরও জানিয়েছে, ইজরায়েলের গোলাবর্ষণে তাদের আরও দুই সাংবাদিক আল–সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আহত হয়েছেন আল জাজিরা, এপি–সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অন্তত ছয় জন সাংবাদিক। আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ইজরায়েল–লেবানন সীমান্তের আলমা আস–সাবে গিয়েছিলেন সংবাদকর্মীরা। সূত্রের খবর, ইজরায়েলি সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক থেকে তাঁদের উপর সরাসরি গোলা ছোড়া হয়। তাতেই মার যান এক সাংবাদিক। আহত অন্তত ছয় জন। 
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর অন্তত দেড় হাজার ইজরায়েলি নাগরিককে হত্যা করেছিল হামাস জঙ্গি সংগঠনটি। বহু মহিলা, শিশু, বৃদ্ধ, ইজরায়েলি সেনার জওয়ান এবং অন্য দেশের নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে গিয়েছে হামাস। তার জবাবে ইজরায়েল ভয়ানক হামলা শুরু করেছে। হামাসের অস্তিত্ব সংকটে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ‘‌লেবাননের মাটিতে ইজরায়েল ধারাবাহিক রকেট হামলা চালাচ্ছে। এই ঘটনা তারই পরিণতি।’