আজকাল ওয়েবডেস্ক: ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই নজর ছিল, ভোটের সময়কালে কোথায় কোথায়, কোন কোন প্রার্থীর হয়ে ঝড় তুলবন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সামনে এল সেই তালিকা। জানা গেল, রবিবার মমতা ব্যানার্জির যে কর্মিসভা রয়েছে ভবানীপুরে সেখানেও হাজির থাকবেন অভিষেক ব্যানার্জি।
তারপরেই, ২৪ মার্চ থেকে জনসভা শুরু হচ্ছে অভিষেকের। ২৪ থেকে ৩১ মার্চ, আটদিনেই উত্তর থেকে দক্ষিণ চষে ফেলবেন তৃণমূলের সাংসদ। পাথরপ্রতিমা থেকে সন্দেশখালি হয়ে ফালাকাটা, রাজগঞ্জ, আপাতত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদকের যে সফরসূচি, তাতে আটদিনে ২০টির বেশি জনসভা, বৈঠক করবেন তিনি।
কবে কোথায় অভিষেক? একনজরে-
২৪ মার্চ- পাথরপ্রতিমায় জনসভা।
২৫ মার্চ- দাসপুরে, কেশিয়ারি এবং নারায়নগড়ের জনসভা। নন্দীগ্রামে কর্মিসভা।
২৬ মার্চ- জনসভা নাটাবাড়ি, ধুপগুড়িতে। রোড শো কালচিনিতে।
২৭ মার্চ- বিনপুর, পাঁশকুড়া পূর্ব, কুলপি, তিনটি জনসভা।
২৮ মার্চ- বালুরঘাট, মানিকচক এবং সাগরদিঘি, তিনটি পৃথক জনসভা।
২৯ মার্চ- দুবরাজপুর, নওদা, সন্দেশখালিতে জনসভা।
৩০ মার্চ- বাগমুণ্ডিতে জনসভা, কাঁথিতে অভ্যন্তরীণ বৈঠক।
৩১ মার্চ- তিনটি জনসভা, শিতলকুচি, রাজগঞ্জ এবং ফালাকাটায়।
দলীয় সূত্রে খবর, ২৪ তারিখ থেকেই জনসভা শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আলিপুরদুয়ার থেকে জনসভা শুরু করার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের পরিকল্পনা, উত্তর থেকে প্রচার শুরু করবেন মমতা, দক্ষিণ থেকে অভিষেক।
গত মঙ্গলবার বিকেলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন একবারেই ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলায় প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে।
২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়।
&t=1800s
