আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিষ্ণুদেও সাই। একই সঙ্গে শপথ নিলেন উপনুখ্যমন্ত্রী অরুণ সাউ এবং বিজয় শর্মা। শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয় রায়পুরে, উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ, জে পি নাড্ডা, হিমন্ত বিশ্বশর্মা, ভূপেশ বাঘেল সহ আরও অনেকেই। তিনরাজ্যে বিজেপি ভোট জিতলেও, সমস্যায় পড়েছিল মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম নিয়ে। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির ইশতিহার সহ একাধিক বিষয়ে নজর দিলেও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে কারও নাম প্রচার করেনি। নির্বাচনী প্রচারে সামনে ছিল মোদির নাম। স্বাভাবিক ভাবেই নির্বাচনে জয়ের পরেই সমস্যা হয় মুখ্যমন্ত্রী নির্বাচনে। দফায় দফায় বৈঠকে সিদ্ধান্ত হয় ছত্তিশ গড়ের মুখ্যমন্ত্রী পদে বসছেন বিষ্ণু দেও সাই। তারপরেই চর্চায় আসে শাহের প্রতিশ্রুতি। সে রাজ্যের কুঙ্করি আসনে প্রচারের সময়েই অমিত শাহ বলেছিলেন, সেই আসনে গেরুয়া শিবিরের প্রার্থী জয়লাভ করলেও, তাঁকে বড় পদে আনা হবে। শেষপর্যন্ত দেখা যায়, আদিবাসী নামের সিলমোহর দিয়েছ গেরুয়া শিবির। বুধবার মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা শপথ নিয়েছেন। রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন তাঁদের শপথবাক্য পাঠ করান।
Vishnu Deo Sai: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিষ্ণুদেও সাই
















