আজকাল ওয়েবডেস্ক: বড় সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের।ঘোষণা করা হয়েছে, সে রাজ্যে অবিলম্বে বন্ধ করতে হবে হালাল সার্টিফায়েড পণ্য উৎপাদন, সঞ্চয়, বিতরণ এবং বিক্রি। তবে রপ্তানির জন্য উৎপাদিত হওয়া পণ্য এই নিয়মের আওতায় আসবে না বলেই জানানো হয়েছে। এই ধরনের বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা নিয়ম না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই বিষয়ে আলোচনার সূত্রপাত হয়, যখন নির্দিষ্ট কিছু ওষুধ, চিকিৎসা ডিভাইস, প্রসাধনী দ্রব্যের প্যাকেজিংএ হালাল উল্লেখিত ছিল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন জাল হালাল শংসাপত্র ব্যবহার করে মানুষের ধর্মীয় অনুভূতির সহায়তায় বিক্রি বাড়ানোর চেষ্টা করার জন্য কয়েকটি সংস্থার বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ গ্রহণ করে। উত্তরপ্রদেশে সরকার জানিয়েছে, একটি নির্দিষ্ট ধর্মের ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য হালাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড চেন্নাই, জমিয়ত উলামা ই হিন্দ, জমিয়ত উলামা মহারাষ্ট্র এবং বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, এই সংস্থাগুলি আর্থিক লাভের জন্য বিভিন্ন সংস্থাকে জাল হালাল সংশপত্র সরবরাহ করেছে। জনগণের বিশ্বাস, ধারণাও এর সঙ্গে জড়িয়ে বলে জানানো হয়েছে।