আজকাল ওয়েবডেস্ক: বুধবার (২৭ মে, ২০২৬) অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনার হবে। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি মুসলিম ধর্মীয় ও সামাজিক সংগঠন বিজেপি সরকারের প্রতি একটি আবেদন পেশ করেছেন। সংগঠনগুলির আহ্বান, প্রস্তাবিত আইনটি নিয়ে এগোনোর আগে যেন সংখ্যালঘু সম্প্রদায়ের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে রাজ্য সরকারের তরফে পরামর্শ করা হয়।

সোমবার অসম সরকার, রাজ্য বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি বিলটি পেশ করেছে।

অন্তত ১০টি সংগঠনের নেতারা রাজ্য সরকারের কাছে একটি স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই স্মারকলিপিতে আইনটি প্রবর্তনের আগে আরও ব্যাপক আলোচনার দাবি জানানো হয়েছে।

আবেদনকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে, জমিয়ত উলেমা-ই-হিন্দের দু'টি গোষ্ঠী, জামায়াত-ই-ইসলামী, আহলে সুন্নাত, মুসলিম পার্সোনাল ল বোর্ড, নদওয়াতুল তামির, মিল্লি কাউন্সিল এবং সর্ব অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন।

অভিন্ন দেওয়ানি বিধির লক্ষ্য হল ধর্ম-নির্বিশেষে সকল নাগরিকের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণকারী ব্যক্তিগত আইনের একটি অভিন্ন কাঠামো প্রবর্তন করা।

তবে মুসলিম সংগঠনগুলো যুক্তি দেখিয়েছে যে, সুদূরপ্রসারী সামাজিক ও আইনি প্রভাব রয়েছে এমন কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় রাজ্য সরকারের উচিত নয় সংখ্যালঘু সম্প্রদায়ের সংশ্লিষ্ট অংশীজনদের মতামত উপেক্ষা করা।

অসমের প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধিতে বহুবিবাহ নিষিদ্ধ করা এবং 'লিভ-ইন' সম্পর্কের (বিয়ে না করে একসঙ্গে বসবাস) নথিভুক্তকরণ বাধ্যতামূলক করার বিধানের কথা রয়েছে।