নিতাই দে, আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন পশ্চিমবঙ্গের নির্বাচনে ঐতিহাসিক ও বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, এই বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতি মানুষের অটুট আস্থার প্রতিফলন।


সাক্ষাৎকালে ত্রিপুরার সার্বিক উন্নয়ন এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে অর্থনৈতিক বিকাশ, সুশাসন নিশ্চিতকরণ এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।


এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ত্রিপুরেশ্বরী মন্দির ও নবনির্মিত মন্দির চত্বরের প্রতিচ্ছবি সম্বলিত একটি ফটো ফ্রেম তুলে দেন। মুখ্যমন্ত্রী জানান, প্রসাদ প্রকল্পের আওতায় মন্দির চত্বরের পুনর্বিকাশ কাজের উদ্বোধনের পর দেশজুড়ে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী মাতাবাড়িতে এসে মা ত্রিপুরাসুন্দরীর দর্শন করছেন। এর মাধ্যমে এই ঐতিহ্যবাহী শক্তিপীঠের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

 


পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবায় নিবেদিত ১২টি গৌরবময় বর্ষ পূর্ণ হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতের পরিকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ইন্ডিয়ার প্রসার, স্বচ্ছ ভারত অভিযান, আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।