আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতীয় জাতীয় লোক দলের (‌আইএনএলডি)‌ প্রধান নাফে সিং রাঠির খুনের ঘটনায় যুক্ত ব্রিটেনের গ্যাংস্টার। হরিয়ানা পুলিশ এই দাবি করেছে। পাশাপাশি নতুন করে আরও তিনজনের নামে এফআইআর দায়ের করেছে হরিয়ানা পুলিশ। 
প্রসঙ্গত, গত রবিবার হরিয়ানার ঝাঁঝড় জেলায় একটি রেলওয়ে ক্রসিংয়ের কাছে নাফে সিং রাঠির এসইউভি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তাতেই মারা যান রাঠি ও এক আইএনএলডি কর্মী। ঘটনার তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। জানা গেছে রাঠি নাকি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হরিয়ানার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি লিখেছিলেন। চেয়েছিলেন বাড়তি নিরাপত্তা। কিন্তু সরকার নাকি কিছুই করেনি। খুনের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এখনও অবধি। সেই তালিকায় এক প্রাক্তন বিজেপি বিধায়কের নামও রয়েছে। এদিকে, খুনের ঘটনার পিছনে রয়েছে ব্রিটেনের বাসিন্দা এক গ্যাংস্টার, এমনটাই দাবি তুলেছে এবার পুলিশ। অতীতে বহুবার রাজনৈতিক ব্যক্তিত্বদের খুনের সঙ্গে জড়িয়েছে এই কুখ্যাত গ্যাংস্টারের নাম। তিহাড় জেলে বন্দি থাকা তার এক সহযোগীকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, টাকা নিয়েই রাঠিকে হত্যা করা হয়েছে।