আজকাল ওয়েবডেস্ক: মাঝে পেরিয়ে গিয়েছে ৭৭ বছর। তবে শনিবার, নয়া দিল্লিতে দুই দেশে প্রধানমন্ত্রীর বৈঠকের পর পুনরায় কলকাতা ও রাজশাহীর মধ্যে আন্তঃসীমান্ত রেল পরিষেবা শুরু হতে চলেছে। ১৯৪৭ সালের পর বন্ধ হয়ে যায় মালদা-মুর্শিদাবাদ হয়ে কলকাতা-রাজশাহীর রেল যোগাযোগ। দীর্ঘ প্রায় আট দশক এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা করা হয়। 
এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হলে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন পেশার মানুষ উপকৃত হবেন। নতুন এই রেল পরিষেবা শুধু যাতায়াতের সুবিধাই দেবে না, ভারতের সঙ্গে যোগাযোগের নতুন মাধ্যমও তৈরি করবে বলে মনে করছেন বাংলাদেশের সাধারণ মানুষ। সদর্থক প্রভাব পড়বে অর্থনীতিতেও।