আজকাল ওয়েবডেস্ক: বিমানের পর এবার হোটেল। অন্ধ্রপ্রদেশের তিরুপতির বালাজি মন্দিরের আশপাশের বেশ কয়েকটি হোটেলে এবার বোমাতঙ্ক ছড়াল।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেয় তিরুপতি মন্দির সংলগ্ন তিনটি হোটেলে হুমকি মেল আসে। তার মধ্যে রয়েছে লীলা মহল, কপিলা তীর্থ ও আলিপিরি একটা একটি হোটেল। ইমেলে জানানো হয়, ‘হোটেলে বিস্ফোরক রেখেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সেগুলি সক্রিয় করে হোটেল উড়িয়ে দেওয়া হবে। রাত ১১টার মধ্যে হোটেল খালি করুন।’ এই হুমকি ইমেল আসার পরেই শোরগোল পড়ে যায়। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় হোটেল।
খবর পেয়েই ঘটনাস্থলে দলে দলে আসে পুলিশ। আসে ডগ স্কোয়াড। তিরুপতি মন্দির সংলগ্ন হোটেল তিনটি খালি করিয়ে তল্লাশি চালানো হয়। তবে সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি বলে খবর। কোথা থেকে এই হুমকিবার্তা এসেছিল, ইমেল পরীক্ষা করে আইপি অ্যাড্রেস চিহ্নিত করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে প্রায় শতাধিক বিমানে হুমকিবার্তা দেওয়া হয়েছে। তল্লাশি চালালেও কিছু মেলেনি। কেন্দ্র এই বিষয়ে কঠোর মনোভাব নিয়েছে। এরই মধ্যে তিরুপতি মন্দির সংলগ্ন একাধিক হোটেলে ছড়াল বোমাতঙ্ক।
