আজকাল ওয়েবডেস্ক: ‘সব আশা হারিয়ে ফেলেছি। এবার জেলেই মরে গেলে ভালো’। বিশেষ আদালতের সামনে হাতজোড় করে বললেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল। কানাড়া ব্যাঙ্ক থেকে ৫৩৮ কোটি টাকার ঋণ নিয়ে শোধ না করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপরই আর্থিক তছরুপের মামলা করে কানাড়া ব্যাঙ্ক। ১৪ সেপ্টেম্বর থেকে হেফাজতে রয়েছেন নরেশ গোয়েল। কানাড়া ব্যাঙ্কের অভিযোগ, বিপুল ঋণ নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। ৫৩৮ কোটি টাকার ঋণ এখনও বাকি রয়েছে। বিচারক এম জি দেশপাণ্ডের কাছে জামিনের আবেদন করেছিলেন নরেশ। সেখানেই তাঁকে ভেঙে পড়তে দেখা গেল। বিচারক বলেন, ধৈর্য ধরে নরেশ গোয়েলের কথা শোনা হয়েছে। দেহে নানা ধরণের সমস্যা রয়েছে। তবে হাসপাতালে ভর্তি হতে নারাজ তিনি। যদিও আদালতের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছে চিকিৎসার সবধরণের ব্যবস্থা করা হবে।