আজকাল ওয়েবডেস্ক: এক বড় সম্মেলনকে কেন্দ্র করে সেজে উঠছিল অসমের রাজধানী। গত কয়েক সপ্তাহ ধরে জোরকদমে চলছিল শহরের রূপবদলের কাজ। কিন্তু শেষ মুহূর্তে ধাক্কা খেল সেই পরিকল্পনা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির গুয়াহাটি সফর বাতিল হয়ে গেল।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মঙ্গলবার জানান, বিদেশ সচিব বিক্রম মিসরি রাজ্য সরকারকে এই সূচি পরিবর্তনের কথা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর কথায়, "গতকাল রাতে বিদেশ সচিব অসমের মুখ্য সচিবকে বার্তা পাঠিয়েছেন। কিছু নির্দিষ্ট কারণে জাপানের প্রধানমন্ত্রী এবার অসমে আসছেন না। তাঁর সফর শুধু দিল্লির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।"
তিনি আরও জানান, জাপানি পক্ষ ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে আলাদা একটি দিন ঠিক করা হবে, যাতে জাপানের একদল ব্যবসায়ী প্রতিনিধি অসম সফরে আসতে পারেন।
তবে সফর বাতিলের আসল কারণ অসম সরকারকে জানানো হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, "জাপানের প্রধানমন্ত্রীকে তো আমরা কারণ জিজ্ঞেস করতে পারি না। আমি দিল্লি গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করলে বিষয়টি জানতে পারব।"
একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জাপানের প্রধানমন্ত্রীর ঠাসা সূচি এবং কিছু যাতায়াতজনিত সমস্যার কারণে অসমে ভারত-জাপান বার্ষিক সম্মেলন আপাতত হচ্ছে না। এই বৈঠক এখন দিল্লিতেই বসবে।
আগামী ১ থেকে ৩ জুলাই ভারত সফরে আসছেন তাকাইচি। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে জাপানের বিশেষ আগ্রহ রয়েছে। সেই কথা মাথায় রেখেই গুয়াহাটিতে এই সম্মেলনের তোড়জোড় শুরু করেছিল ভারতের বিদেশ মন্ত্রক।
সূত্রের খবর, জাপানের সংসদের অধিবেশন চলায় এবং দেশের কিছু রাজনৈতিক ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী তাকাইচির হাতে একদমই সময় নেই। ভারতে আসা এবং ফিরে যাওয়ার মাঝের সময়টুকু অত্যন্ত কম।
এই নিয়ে দ্বিতীয় বার জাপানের কোনও প্রধানমন্ত্রীর অসম সফর বাতিল হল। এর আগে, সিএএ বিরোধী আন্দোলনের জেরে তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবের গুয়াহাটি সফর বাতিল করতে হয়েছিল।
সফর বাতিলের পর গুয়াহাটির সৌন্দর্যায়ন নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, শহরের রোজকার রক্ষণাবেক্ষণের কাজ চললেও, এই সফরের জন্য যে বিশেষ তোড়জোড় করা হচ্ছিল, তা আর হবে না।















