ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে চলে গিয়েছেন মিগুয়েল। লাল-হলুদকে বিদায় জানিয়েছেন আইএসএল জয়ী কোচ অস্কার ব্রুজোঁও। কেউ কথা রাখেননি, কেউ মনেও রাখেননি, এমনই আক্ষেপ হতেই পারে ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের।
2
9
ডিফেন্সের খেলোয়াড় কেভিন সিবিয়েকে ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি। আর্জেন্টাইন এই ডিফেন্ডার কি শেষ পর্যন্ত লাল-হলুদে থাকবেন? নাকি অন্য কোনও গন্তব্য বেছে নেবেন? প্রশ্নের উত্তরের অপেক্ষায় লাল-হলুদ সমর্থকরা।
3
9
ফুটবলে একটি প্রচলিত কথা রয়েছে, আক্রমণ ম্যাচ জেতায়, কিন্তু রক্ষণ এনে দেয় ট্রফি। গত মরশুমে ইস্টবেঙ্গলের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন কেভিন সিবিয়ে। ধারাবাহিক পারফরম্যান্সে তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে উঠে এসেছেন। রক্ষণের অন্যতম স্তম্ভ তিনি। তাই আগামী মরশুমেও কেভিন সিবিয়েকে ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা।
4
9
কিন্তু সিবিয়ে নিজে কী ভাবছেন?
5
9
সূত্রের খবর, ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাঁর কাছে চুক্তিপত্র পাঠিয়েছে। তবে সেই চুক্তিপত্রে কয়েকটি বিষয়ে সামান্য পরিবর্তন চান আর্জেন্টাইন ডিফেন্ডার। সেই সংশোধনগুলি করে নতুন চুক্তিপত্র পাঠানোর অনুরোধও জানিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন চুক্তিপত্র হাতে পেয়েই সই করতে পারেন সিবিয়ে।
6
9
তবে এর মধ্যেই সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ অস্কার ব্রুজোঁ তাঁকে ইন্দোনেশিয়ায় নিয়ে যেতে আগ্রহী। উল্লেখ্য, ইস্টবেঙ্গলে থাকার বিষয়ে অস্কারের অন্যতম শর্ত ছিল কেভিন সিবিয়ে, মিগুয়েল এবং মহম্মদ রশিদকে দলে ধরে রাখতে হবে। কিন্তু অস্কার ব্রুজোঁ ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন এবং ইন্দোনেশিয়ার একটি ক্লাবের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য যাচ্ছেন। শোনা যাচ্ছে, 'ভয়ঙ্করা' ক্লাবই অস্কারের নতুন ঠিকানা।
7
9
নতুন দলে সফল হতে অস্কার তাঁর পরিচিত ও বিশ্বস্ত ফুটবলারদের পাশে পেতে চান। সেই কারণেই কেভিন সিবিয়েকে ইন্দোনেশিয়ায় যোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন বলে সূত্রের খবর। মিগুয়েল মোহনবাগানের প্রস্তাবে রাজি না হলে, তাঁকেও হয়তো ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হতো।
8
9
তবে সব জল্পনার মাঝেও আশার খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। সূত্রের দাবি, কেভিন সিবিয়ের প্রথম পছন্দ এখনও ইস্টবেঙ্গল। তিনি লাল-হলুদ শিবিরেই থাকতে চান এবং ক্লাবের সঙ্গে চুক্তি নবীকরণের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
9
9
এখন দেখার, আনুষ্ঠানিকভাবে লাল-হলুদের সঙ্গে নতুন চুক্তিতে কবে সই করেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার। সমর্থকদের অপেক্ষা এখন সেই ঘোষণার দিকেই।