আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ভারতে জরুরি অবস্থা জারির ৪৯তম বর্ষপূর্তি। সেই দিনকে স্মরণ করিয়ে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রধান বিরোধী দলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, যারা এক সময় জরুরি অবস্থা জারি করেছিল তাঁদের কোনও অধিকার নেই সংবিধানের প্রতি ভালোবাসা দেখানোর।

সোমবারই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন মঙ্গলবার জরুরি অবস্থার বর্ষপূর্তি পালিত হবে। তাঁকে পাল্টা আক্রমণ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন মোদি বলেন, জরুরি অবস্থা জারি করে কংগ্রেস দেশের মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিতে বিল পাশ হয়েছিল, সংবিধানকে ধ্বংস করা হয়েছিল। এমনকি সেই সময়ের সঙ্গে বর্তমান কংগ্রেস নেতৃত্বেরও তুলনা টানেন মোদি। বলেন, অতীতের সেই মানসিকতা আজকের কংগ্রেস দলের মধ্যেও রয়েছে।